World

ছোট্ট গ্রামটিতে মহিলারা বাঁচেন ১০০ বছর, দীর্ঘায়ুর রহস্যের খোঁজে বিজ্ঞানীরা

ছোট্ট গ্রামটিতে ৭০ পেরোনো মহিলাদের প্রায় ৭ জনের একজনই পৌঁছন শতবর্ষে। দীর্ঘায়ুর নেপথ্যে কী লুকিয়ে রয়েছে, তা জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

পাহাড় ঘেরা ছোট্ট একটি গ্রাম। নাম বোলতানা। বাসিন্দা মাত্র ২ হাজার ৩০০ জনের কাছাকাছি। অথচ এই গ্রামের মহিলাদের দীর্ঘায়ু এখন রীতিমতো বিস্মিত করছে বিজ্ঞানীদের। কারণ, এখানে ৭০ বছর বয়সে পৌঁছনো মহিলাদের প্রায় প্রতি ৭ জনের ১ জন ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারেন। অন্তত সাম্প্রতিক এক গবেষণার হিসাব তেমনই বলছে।

গবেষকরা ২০২১ থেকে ২০২৫ সালের জনসংখ্যা ও প্রয়াণের নথি বিশ্লেষণ করে দেখেছেন, ইতালির সার্ডিনিয়া দ্বীপের গ্রাম বোলতানার ৭০ পেরোনো মহিলাদের শতবর্ষে পৌঁছনোর সম্ভাবনা প্রায় ১৩ দশমিক ৮ শতাংশ। ইতালির জাতীয় গড়ের তুলনায় যা অনেকটাই বেশি। শুধু তাই নয়, আন্তর্জাতিক তুলনায় এই গ্রামের মহিলাদের দীর্ঘায়ুর হিসাব হংকংয়ের পরেই জায়গা পেয়েছে।

সার্ডিনিয়া এমনিতেই দীর্ঘজীবী মানুষের জন্য পরিচিত। দ্বীপটির কয়েকটি অঞ্চলকে আগেই ব্লু জোন বলা হয়েছে। অর্থাৎ এমন এলাকা, যেখানে শতবর্ষজীবী মানুষের সংখ্যা তুলনামূলক বেশি। এবার সেই তালিকায় নতুন সংযোজন হতে পারে বোলতানা। যদিও গবেষকরা এখনও একে নিশ্চিতভাবে ব্লু জোন বলছেন না।

কিন্তু প্রশ্ন হল, এই ছোট্ট গ্রামে এমন কী আছে যা মহিলাদের এত দীর্ঘজীবী হতে সাহায্য করছে? স্থানীয় খাবার? নিয়মিত হাঁটাচলা? পরিবারের সঙ্গে নিবিড় সম্পর্ক? নাকি বংশগত কোনও বৈশিষ্ট্য? এ সবই সম্ভাব্য ব্যাখ্যা। কোনও একটিকে এখনও বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করা যায়নি।

গবেষণাটি প্রকাশিত হয়েছে ফ্রন্টিয়ার্স ইন এজিং পত্রিকায়। বিজ্ঞানীদের বক্তব্য, আরও দীর্ঘসময় ধরে তথ্য যাচাই না করলে এই ব্যতিক্রমী ছবির প্রকৃত কারণ বোঝা কঠিন।

তবু ইতালির এই ছোট্ট গ্রাম যেন নতুন করে এক পুরনো প্রশ্ন সামনে আনছে যে সুস্থভাবে দীর্ঘদিন বাঁচার আসল চাবিকাঠি কি মানুষের দৈনন্দিন জীবনযাপনের মধ্যেই লুকিয়ে রয়েছে।

Show Full Article