Kolkata

দুর্গাপুজোয় রাতেও চলবে মেট্রো, কটা থেকে কটা পর্যন্ত চলবে, কোন লাইনে কতক্ষণ অন্তর

কোন লাইনে কতক্ষণ অন্তর মেট্রো রেল পাওয়া যাবে, দুর্গাপুজোয় কবে কখন চলবে মেট্রো, বিস্তারিত এই তথ্য আগে থেকে জানা থাকলে যাত্রীদের সুবিধা হবে।

পুজোয় রাতভর ঠাকুর দেখার চল দীর্ঘদিনের। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঠাকুর দেখার জন্য সবচেয়ে সুবিধাজনক যাত্রা হল মেট্রো যাত্রা। যা সময়ও কম নেবে। দ্রুত পৌঁছে দেবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ফলে মেট্রোয় প্রতিবারই পুজোর সময় উপচে পড়ে ভিড়।

এবারও পুজোয় মেট্রো রেল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন লাইনে কবে, কখন থেকে কখন পর্যন্ত ট্রেন চলবে? কবে কবে সারারাত মেট্রো চলবে? কতক্ষণ অন্তর ট্রেন পাওয়া যাবে? তার বিস্তারিত তথ্য সামনে এসেছে।

পুজোর সপ্তমী, অষ্টমী ও নবমীতে ভোর ৪টে পর্যন্ত মেট্রো পাবেন যাত্রীরা। তবে ওই দিনগুলোতে সকালে মেট্রো পাওয়া যাবেনা। মেট্রোর ব্লু লাইন অর্থাৎ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রুটে পঞ্চমী ও ষষ্ঠীর দিন ভিড়ের সময় ৬ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাওয়া যাবে মেট্রো।

ওই ২ দিনে ২৮৪টি ট্রেন পরিষেবা সারাদিনে পাবেন যাত্রীরা। ওই লাইনে সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন কিন্তু সারারাত ট্রেন চলবে। মেট্রো পরিষেবা চালুই হবে ওই দিনগুলোয় বেলা ১টায়। চলবে ভোর ৪টে পর্যন্ত।

গ্রিন লাইন অর্থাৎ সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুটে পঞ্চমী ও ষষ্ঠীর দিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। দিনের ব্যস্ত সময়ে চলবে ৬ মিনিট অন্তর। সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন গ্রিন লাইনে ট্রেন পরিষেবা চালুই হবে দুপুর দেড়টা থেকে। চলবে ভোর ৩টে ৫৯ পর্যন্ত।

হলুদ লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত রুটে পঞ্চমী ও ষষ্ঠীর দিন সকাল ৭টা ১৮ মিনিট থেকে চালু হয়ে ট্রেন পাওয়া যাবে ৯টা ২০ পর্যন্ত। সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন এই রুটে বিকেল ৩টেয় চালু হবে পরিষেবা। চলবে রাত ১০টা ৫৫ পর্যন্ত।

পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট রুটে পঞ্চমী ও ষষ্ঠীর দিন সকাল ৬টা ৪০ মিনিট থেকে চালু হয়ে ট্রেন পাওয়া যাবে ৯টা ২৬ মিনিট পর্যন্ত। সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন এই রুটে বিকেল ৩টেয় চালু হবে পরিষেবা। চলবে রাত ১০টা ৫৫ পর্যন্ত।

অরেঞ্জ লাইন অর্থাৎ বেলেঘাটা থেকে গড়িয়া পর্যন্ত রুটে পঞ্চমী ও ষষ্ঠীর দিন সকাল ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ৪৫ পর্যন্ত পরিষেবা চালু থাকবে। কিন্তু পরে পুজোর দিনগুলোয় কোনও পরিষেবা এই রুটে পাওয়া যাবেনা।

Show Full Article