মানুষের পূর্বপুরুষের ইতিহাস পিছিয়ে গেল ২ লক্ষ বছর
প্রাচীন একটি গুহায় মিলল প্রায় ২০ লক্ষ বছরের পুরনো খুলির অংশ। মানবসভ্যতার ইতিহাস নিয়ে নতুন প্রশ্ন তুললেন বিজ্ঞানীরা।
প্রাচীন একটি গুহা। ওই গুহা থেকে উদ্ধার হওয়া মানুষের প্রাচীন পূর্বপুরুষের মাথার খুলির ছোট্ট একটি অংশ বিজ্ঞানীদের নতুন করে ভাবাচ্ছে। কারণ উদ্ধার হওয়া জীবাশ্মটি ইঙ্গিত দিচ্ছে মানুষের প্রাচীন পূর্বপুরুষ হোমো ইরেক্টাসের ইতিহাস এতদিনের প্রচলিত ধারনার চেয়েও প্রায় ২ লক্ষ বছরের বেশি পুরনো।
দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের কাছে ড্রিমোলেন নামে একটি গুহাঞ্চল রয়েছে। প্রাচীন মানবকুলের জীবাশ্মের হদিশ মেলার জন্য এই জায়গাটি বিশ্বখ্যাত। এখান থেকে নানা সময়ে উদ্ধার করা মোট ১৮টি জীবাশ্ম ফের নতুন করে বিশ্লেষণ করেছেন গবেষকরা।
এই জীবাশ্মগুলির মধ্যে সন্ধান মিলেছে প্রায় ২০ লক্ষ বছরের প্রাচীন একটি মাথার খুলির অংশের। বিজ্ঞানীদের মতে, সেটি পূর্ণবয়স্ক কোনও হোমো ইরেক্টাসের।
এত প্রাচীন পূর্ণবয়স্ক হোমো ইরেক্টাসের জীবাশ্মের হদিশ এর আগে কখনও মেলেনি। তবে একই গুহা থেকে অতীতে একটি শিশু হোমো ইরেক্টাসের খুলি পাওয়া গিয়েছিল। নয়া এই আবিষ্কার দক্ষিণ আফ্রিকায় প্রায় ২০ লক্ষ বছর আগের হোমো ইরেক্টাসের উপস্থিতি সম্পর্কিত ধারনাকে আরও শক্তিশালী করেছে।
তবে এখানেই চমকের শেষ নয়। উদ্ধার হওয়া জীবাশ্মগুলির মধ্যে ১৪টি প্যারানথ্রোপাস রোবাস্টাস নামে মানবজাতির আরেক বিলুপ্ত প্রাচীন পূর্বপুরুষের। তাদের দাঁত এবং চোয়ালের গঠন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করছেন, সময়ের সঙ্গে তাদের শারীরিক বৈশিষ্ট্যেরও পরিবর্তন ঘটেছিল।
গবেষকদের এও ধারনা, পরিবর্তিত পরিবেশ তথা জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে মানবজাতির এই প্রাচীন পূর্বপুরুষের চিবানোর ক্ষমতার বিবর্তন ঘটেছিল। যদিও এই আবিষ্কার হোমো ইরেক্টাসের উৎপত্তিস্থল চূড়ান্তভাবে নির্ধারণ করেনি। বরং এটা মানুষের বিবর্তন সম্পর্কিত জটিল চর্চায় নতুন তথ্য যুক্ত করেছে।
অবাক করার মত বিষয়, লক্ষ লক্ষ বছর মাটির তলায় চাপা পড়ে থাকা ওই খুলির সামান্য একটি টুকরোই আধুনিক মানবসমাজের অত্যন্ত প্রাচীন অতীত নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।











