উপনির্বাচনে গেরুয়া ঝড়, নন্দীগ্রাম, রেজিনগর ২ আসনেই হেলায় জিতল বিজেপি
বিরোধীরা সেভাবে লড়াইটাই দিতে পারল না। নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে গেরুয়া ঝড়ের মুখে খড়কুটোর মত উড়ে গেল বাকিরা। অনায়াস জয় পেল বিজেপি।
রাজ্যে ২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলের দিকে নজর ছিল সকলের। আর সেখানে কার্যত হেলায় ২ আসন জিতে নিল বিজেপি। দুর্গাপুজোর মুখে উড়ল গেরুয়া আবির।
নন্দীগ্রামে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৫ রাউন্ড গণনার শেষেই ১ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে যান বিজেপি প্রার্থী হাসিরানি রথ। তারপর ব্যবধান বাড়তেই থাকে। নন্দীগ্রামে উড়তে থাকে গেরুয়া আবির। বিজেপির প্রার্থীর ধারেকাছে না থাকলেও কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন কংগ্রেস প্রার্থী।
অন্য কেন্দ্র রেজিনগর মুসলিম অধ্যুষিত এলাকা। অধিকাংশ বাসিন্দাই মুসলিম। ফলে এখানে বিজেপি কি জয় পাবে, তা নিয়ে সামান্য সন্দেহ যাঁদের ছিল তাঁদের কাছে চিত্র পরিস্কার হয়ে যায় দুপুরেই।
রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকার প্রতি রাউন্ডের গণনার পরই ব্যবধান বাড়াতে থাকেন। পিছিয়ে পড়তে থাকেন বিরোধী প্রার্থীরা। রেজিনগরেও কার্যত বিজেপি দাপটের সঙ্গে জয়ের পথে এগিয়ে যায়। বিরোধীরা সামান্য প্রতিদ্বন্দ্বিতাও দিতে পারেনি। এমনকি ৫ অঙ্কে ভোট সংখ্যা পৌঁছতে পারেনি অনেকের।
এদিন ২ কেন্দ্রে জয় নিয়ে নিশ্চিত ছিলেন বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মীদের কাছে এদিন একটা সময়ের পর পরিস্কার হয়ে যায় চিত্রটা। গণনা তখনও বাকি থাকলেও বিজেপি প্রার্থী যে জিতে গেছেন তা তাঁদের কাছে পরিস্কার হয়ে যায়। আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে। বিধানসভা নির্বাচনে ঝোড়ো জয়ের পর উপনির্বাচনেও বিজেপির সেই জয়ধ্বজা বজায় রইল।











