সেরা কর্মীদের বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন রেস্তোরা ব্যবসায়ী, পিছনে রয়েছে অন্য কারণ
কর্মীদের গাড়ির শোরুমে নিয়ে গিয়ে পছন্দ করিয়ে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন এক রেস্তোরাঁ ব্যবসায়ী। একটি কারণকে সামনে রেখে তাঁর এই উপহার।
তিনি একটি রেস্তোরাঁ চালান। যা বেশ জনপ্রিয়। রেস্তোরাঁর মালিকের কিছুদিন ধরেই মনে হয়েছিল যখন প্রবল বৃষ্টি হয় বা ঠান্ডা পড়ে বা ঝড় হয়, তখন তাঁর সেসব গায়ে লাগেনা। তিনি গাড়িতেই থাকেন। কিন্তু তাঁর কর্মীরা অনেকেই স্কুটারে কাজে আসেন এসব প্রতিকূলতা সহ্য করে।
তাই তিনি স্থির করেন তাঁর সংস্থার কয়েকজন সেরা কর্মীকে বেছে নিয়ে তাঁদের একটি করে গাড়ি উপহার দেবেন। তারপর কর্মীদের বেছে নিয়ে রেস্তোরাঁর কর্ণধার নিজেই একটি গাড়ির শোরুমে যান। সেখানে এক এক জন কর্মীকে একটি করে গাড়ি উপহার দেন।
প্রতিটি গাড়িই বিএমডব্লিউ। দাম ভারতীয় মুদ্রায় ৪৩ লক্ষ টাকার মতন। যাতে কর্মীরা রোদ, জল, বৃষ্টি বা ঠান্ডার হাত থেকে সম্পূর্ণ রেহাই পেয়ে কাজে আসাযাওয়া করতে পারেন। এভাবে তাঁদের মালিকের কাছ থেকে গাড়ি পেয়ে আপ্লুত কর্মীরা।
ঘটনাটি ঘটেছে চিনের হেনান প্রদেশে। এখানে ওই সংস্থার রেস্তোরাঁ চেন রয়েছে। অর্থাৎ অনেকগুলি দোকান রয়েছে বিভিন্ন জায়গায়। সেই সংস্থার তরফে এভাবে কর্মীদের বিএমডব্লিউ উপহার দেওয়া রীতিমত খবরে পরিণত হয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। কর্মীদের এভাবে দামি গাড়ি দেওয়ায় রাতারাতি ওই সংস্থার নাম খবরের শিরোনামে উঠে এসেছে। প্রসঙ্গত ভারতেও নানা সংস্থার তরফে সেরা কর্মীদের গাড়ি দেওয়ার খবর বিভিন্ন সময় সামনে এসেছে।











