একটি মরসুমে পর্যটক আগমনে রেকর্ড গড়ল গণ্ডারদের নিশ্চিন্ত বাস
পর্যটকদের আনাগোনা বেড়ে চলেছে। আর তা গত মরসুমে এতটাই বেড়েছে যে রেকর্ড রচনা করে ফেলেছে। গণ্ডারদের নিশ্চিন্ত বিচরণ ভূমিতে পর্যটক সংখ্যা বেড়েই চলেছে।
ভারতের গণ্ডারদের দেখতে দেশ তো বটেই বিদেশ থেকেও বহু মানুষ হাজির হন। কারণ ভারতের একশৃঙ্গ গণ্ডার পৃথিবী বিখ্যাত। আফ্রিকায় যে গণ্ডারদের দেখতে পাওয়া যায় তাদের ২টি করে শৃঙ্গ থাকে।
ভারতের একশৃঙ্গ গণ্ডারদের নিশ্চিন্ত বাসের কথা উঠলে যে নামটি প্রথমেই সামনে আসে তা হল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান। যেখানে ভারতের একশৃঙ্গ গণ্ডাররা নির্ভয়ে সুন্দর একটি জীবন কাটায়। তাদের সংখ্যা বৃদ্ধিও হয় এখানে।
ব্রহ্মপুত্র নদের প্লাবনভূমিতে তৈরি এই কাজিরাঙা অভয়ারণ্যটি ভারতের অন্যতম একটি জঙ্গল। যেখানে পর্যটন মরসুমে অনেক পর্যটক ভিড় জমান। তবে ২০২৫-২৬ অর্থবর্ষে কাজিরাঙায় যে সংখ্যক পর্যটক পা রেখেছেন তা রেকর্ড তৈরি করেছে। আর সেকথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী নিজেই।
২০২৫-২৬ সালে কাজিরাঙায় পর্যটক এসেছেন ৪ লক্ষ ৫৮ হাজার ৬১৮ জন। আগে কোনও একটি মরসুমে এত পর্যটক এখানে ঘুরতে আসেননি। ৮.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে পর্যটক আগমন। যা কাজিরাঙায় বেড়াতে আসার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির চিত্রটাই তুলে ধরছে।
কাজিরাঙার মুখ্য আকর্ষণ একশৃঙ্গ গণ্ডার হলেও এই জঙ্গলে অনেক বাঘ, হাতি, বন মহিষ সহ নানা প্রাণি রয়েছে। আর রয়েছে প্রচুর জানা অজানা পাখির ভিড়। যা কাজিরাঙা ভ্রমণকে আরও মোহময় করে তোলে।
ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা পাওয়া কাজিরাঙা অভয়ারণ্য অসমের সেরা পর্যটনকেন্দ্র। কাজিরাঙা কেবল অসমের নয় ভারতেরও অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











