কুসংস্কার থেকে চোখে চড়, নিজেই নিজের চোখের জ্যোতি হারাতে বসলেন এক ব্যক্তি
কেবল কুসংস্কার যে মানুষের জীবনে কত বড় ক্ষতি ডেকে আনতে পারে তার একটি উদাহরণ হয়ে রইল এই ঘটনা। যেখানে চোখের জ্যোতি হারাতে বসলেন এক ব্যক্তি।
কুসংস্কার নিয়ে বিভিন্ন সময় মানুষকে সতর্ক করা হলেও বিশ্বের প্রায় সর্বত্রই কমবেশি কুসংস্কার মানুষের মনে রয়ে গেছে। তেমনই এক ব্যক্তি নিছক কুসংস্কারের বশবর্তী হয়ে নিজের চোখের জ্যোতি হারাতে বসেন।
তাঁর কয়েকদিন ধরেই ডান চোখের পাতা কাঁপছিল। গরম সেঁক দিয়ে প্রথমে সেই কাঁপুনি বন্ধ করার চেষ্টা করেন তিনি। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। তাঁর একটি বিশ্বাস ছিল যে যদি বাঁ চোখের পাতা কাঁপে তাহলে বুঝতে হবে ভাগ্য সুপ্রসন্ন। ভাল কিছু হতে চলেছে।
আর যদি ডান চোখের পাতা কাঁপে তাহলে বুঝতে হবে খারাপ কিছু অপেক্ষা করছে। এটা চিনের এক প্রাচীন বিশ্বাস। যা এখনও অনেককে প্রভাবিত করে। এমনও সেখানে প্রচলিত যে চোখের পাতা কাঁপলে পাতার ওপর চড় মারতে থাকলে এক সময় কাঁপুনি থেমে যায়।
চিনের হুবেই প্রদেশের উহানের বাসিন্দা ওই ব্যক্তি তাঁর চোখের পাতা কাঁপার সমাধান করতে চিকিৎসকের কাছে যেতেই পারতেন। কিন্তু তিনি তা না করে চোখের পাতায় চড় মারার পথ বেছে নেন।
খারাপ কিছু যাতে না হয় তা ঠেকাতে তিনি ডান চোখের পাতার কাঁপুনি থামাতে চোখের পাতায় চড় মারতে শুরু করেন। একাধিক দিন এমনটা করার পর তাঁর চোখের পাতার কাঁপুনি থামে, কিন্তু তাঁর দৃষ্টিশক্তিও তিনি হারাতে বসেন।
চোখে ভাল করে দেখতে না পেয়ে তিনি ছোটেন চিকিৎসকের কাছে। সেখানে দেখা যায় চোখের পাতায় চড় মারতে মারতে তাঁর রেটিনা ডিটাচমেন্ট হয়ে গেছে। দৃষ্টিশক্তি হারাতে বসেছেন তিনি।
যদিও চিকিৎসকদের তৎপরতায় ওই ব্যক্তির চোখ অবশেষে ঠিক হয়েছে। এই ঘটনার কথা সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।













