২ লক্ষ বছর পুরনো মানব প্রজাতির খোঁজে অন্য চমক, তারা কি খেত তাও এবার জানা গেল
মানুষের যে রূপ বা প্রকার এখন দেখতে পাওয়া যায় এ প্রকার তার চেয়ে অনেক প্রাচীন। এরা বিলুপ্ত। কিন্তু তাদের চেহারা ও খাদ্যাভ্যাসের খবর এবার পেয়ে গেলেন বিজ্ঞানীরা।
অনেক প্রাণির সঙ্গে মানুষেরও বিবর্তন হয়েছে সময়ের সাথে। সময়ের সাথে তাদের চেহারা বদলেছে। ক্রমে আধুনিক মানুষের চেহারা পেয়েছে। একেবারে আদিম মানুষ থেকে আজকের মানুষের এই বিবর্তনের ধারায় একটি সময় পৃথিবীতে বিচরণ করত ডেনিসোভান প্রকারের আদিম মানুষ।
সাইবেরিয়ার ডেনিসোভা গুহায় এই আদি মানবের প্রথম খোঁজ পাওয়া যায়। কিছুদিন আগে পর্যন্তও বিজ্ঞানীদের হাতে এই ডেনিসোভান মানুষের একটি ছোট আকারের আঙুলের হাড় ছাড়া আর কিছুই ছিলনা। তাই দিয়েই তাদের সম্বন্ধে জানার চেষ্টা চলছিল।
এটুকু জানা গিয়েছিল যে তারা ২ লক্ষ বছর আগে থেকে ৩২ হাজার বছর আগে পর্যন্তও পৃথিবীতে ছিল। তবে এবার এক জায়গায় খনন চালিয়ে এই ডেনিসোভান মানবের যে তথ্য হাতে এল তা তাদের সম্বন্ধে ধারনাই অনেকটা পরিস্কার করে দিল।
চিনের ইউনান প্রদেশের বিয়ানফু গুহায় খোঁজ চালিয়ে এবং সেখানে কিছু খননকার্য চালিয়ে বিজ্ঞানীরা ডেনিসোভান মানবের অনেক কিছু হাতে পেয়েছেন। যার মধ্যে রয়েছে ৪টি দাঁত, করোটির একটি অংশ এবং হাতের একটি অংশের জীবাশ্ম। যা তাদের চেহারাকে আরও পরিস্কার করে জানতে সাহায্য করবে।
এগুলির ডিএনএ পরীক্ষা করে এশিয়া জুড়ে ডেনিসোভানদের অস্তিত্ব সম্বন্ধে আরও অনেক কিছু জানা যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। প্রসঙ্গত ডেনিসোভান মানব এশিয়াতেই বাস করত বলে মনে করা হয়।
তবে এখানেই শেষ নয়। তার সঙ্গে ডেনিসোভান মানবরা সে সময় কেমন খাওয়াদাওয়ায় অভ্যস্ত ছিল তার নমুনাও পাওয়া গেছে চিনের ওই গুহায়। সেখানে অন্য অনেক প্রাণির অবশেষ পাওয়া গেছে। যা খতিয়ে দেখে বোঝা যাবে ডেনিসোভান মানবরা কি ধরনের প্রাণি শিকার করত এবং খেত।
তাছাড়া এখানে ১ হাজার ৩০০টি পাথরের বিভিন্ন আকারের যন্ত্রের মত বস্তু পাওয়া গেছে। যা ডেনিসোভানরা শিকার করা এবং অন্য কাজে ব্যবহার করত। তারা কেমন পরিবেশে বাস করত তারও খোঁজ এগুলি পরীক্ষা করে পাওয়া যেতে পারে। চিনের গুহায় এই প্রাপ্তি ডেনিসোভানদের অনেক ভাল করে চিনতে প্রভূত সাহায্য করবে।











