World

শুকিয়ে গেল হ্রদ, জলের তলা থেকে বেরিয়ে এল ১৫০০ বছর পুরনো বিশাল অট্টালিকা

পরিবেশ বদলাচ্ছে। অনেক নদী, হ্রদের জল শুকিয়ে যাচ্ছে। যার ফলে এবার একটি হ্রদের তলায় থাকা বিশাল অট্টালিকা সূর্যের আলো দেখল।

একসময় এক বিশেষজ্ঞ হ্রদের জলে ডুব দিয়ে তার তলায় হারিয়ে যাওয়া বিশাল প্রাসাদোপম অট্টালিকাটির হদিশ পেয়েছিলেন। তবে তা সাধারণ মানুষের নজরের আড়ালেই ছিল। কারণ তা ছিল জলের তলায়।

কিন্তু বিশ্বজুড়ে আবহাওয়ার বদল এবং উষ্ণায়নের প্রভাবে ক্রমে অনেক নদী, হ্রদ, দিঘি, জলাধার শুকিয়ে যাচ্ছে। বিশ্বখ্যাত দানিউব নদীর জল পর্যন্ত অনেক জায়গায় শুকিয়ে গিয়েছে। যার তলায় থাকা অনেক কিছু দেখা যাচ্ছে।

এমনই ঘটল তুরস্কে। তুরস্কের ইজনিক হ্রদের জলও এভাবেই শুকিয়েছে। অনেকটাই নিচে নেমে গেছে জলস্তর। ফলে জলের তলায় শত শত বছর ধরে ডুবে থাকা অনেক কিছু এখন স্পষ্ট নজর কাড়ছে। যার মধ্যে রয়েছে একটি ব্যাসিলিকা।

সেন্ট নিওফিটোস-এর নামানুসারে তৈরি এই ব্যাসিলিকাটি এখন জলের উপরে অনেকটাই দেখা যাচ্ছে। প্রসঙ্গত ব্যাসিলিকা হল প্রাচীন রোমান অট্টালিকা যেখানে সাধারণ মানুষ সমবেত হতেন কোনও অনুষ্ঠানে। ব্যাসিলিকায় অনেক অফিসও থাকত।

এই ব্যাসিলিকাটি এভাবে লোকসমক্ষে উঠে আসার পর অনেক কৌতূহলী মানুষই তা দেখতে হাজির হন। ইজনিক হ্রদের জল নেমে গেছে অনেকটাই নিচে। ৫০ মিটার জলস্তর শুকিয়ে গিয়েছে। যা রীতিমত আশঙ্কার কারণ হয়ে উঠেছে।

জলের তলায় চিরদিন থাকা ব্যাসিলিকাটিতে এখন কেউ চাইলে হেঁটে ঘুরেও আসতে পারেন। জল এতটাই শুকিয়ে গিয়েছে। প্রসঙ্গত তুরস্কের এই হ্রদের আশপাশ সহ বেশ কিছু এলাকায় খরা পরিস্থিতি তৈরি হয়েছে।

Show Full Article