World

দানবীয় হড়পা বানে বিধ্বস্ত নেপাল, প্রথম দেশ হিসাবে ১০ টন সাহায্য পাঠাল ভারত

এমন হড়পা বান নেপালের মানুষ কবে দেখেছেন মনে করতে পারছেন না। এক অতি ভয়ংকর বিপর্যয়ে বিধ্বস্ত পড়শি দেশ। চিন্তায় পড়েছে ভারতও।

ভোটেকোশী নদীর বানে ভেসে গেল নেপালের একটা অংশ। তিব্বতের দিক থেকে আসা একটি হড়পা বান নেপালের ভোটেকোশী নদী হয়ে এসে ভাসিয়ে নিয়ে যায় বসতি। কত মানুষ ভেসে গিয়েছেন তার হিসাব পরিস্কার নয়।

দেহ পাওয়া গেছে শতাধিক। প্রায় ৪০০ জন বিদেশি পর্যটক এবং প্রায় ১০০ জন নেপালের বাসিন্দার কোনও খোঁজ নেই। নেপালের রসুয়া জেলায় একটি বিশাল পাহাড়ের চেহারা নিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে ওই হড়পা বান।

নেপালের সময় সকাল ৯টা নাগাদ এই ভয়ংকর ঘটনা ঘটে। ওই পাহাড় সমান দানব দেখে পালানোর চেষ্টা করলেও কেউ পালানোর সময়টুকুও পাননি।

নেপাল ও চিন সীমান্তের কাছে একটা অংশ এই ভয়ংকর হড়পা বানের ঝাপটায় কার্যত ধ্বংস হয়ে গেছে। মানুষের পাশাপাশি প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে। নেপাল সরকারের তরফে দ্রুত পদক্ষেপ করা হয়। শুরু হয় উদ্ধারকাজ।

ভারতের তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে নেপাল সরকারকে। ভারতই প্রথম দেশ যারা ইতিমধ্যেই ১০ টন ত্রাণসামগ্রি ও ওষুধ নেপালে পাঠিয়ে দিয়েছে। দ্রুত অস্থায়ী বাসস্থান তৈরির মত সামগ্রি, সোলার ল্যাম্প, কম্বল সহ অনেক কিছুই পাঠানো হয়েছে নেপালে।

তবে ভারতের একটা অংশ চিন্তাতেও কাটাচ্ছে। বিহারে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। নেপাল সীমান্তবর্তী বিহারে নদী পথে নেপালের বিশাল জলরাশি প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। যা নেপালের সঙ্গে বিহারেও বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article