SciTech

আশ্চর্য আঠা, জলের তলায় ২ কেজির জিনিস জুড়ে দিচ্ছে সেকেন্ডে, থাকছেও বছরের পর বছর

আঠা দিয়ে জোড়া যে কোনও কিছু জলের সংস্পর্শে এলে আঠা আলগা হয়ে যায়। কিন্তু এক আশ্চর্য আঠা জলের তলাতেই জুড়ে দিচ্ছে কেজি কেজি জিনিস।

আঠা যত ভালই হোক না কেন জলের কাছে জব্দ। শক্তিশালী কোনও আঠা দিয়ে কিছু জুড়ে ফেলার পর সেই জিনিস যদি জলের টানা সংস্পর্শে থাকে তাহলে একসময় ওই জোড়ও আলগা হয়ে যায়। আঠা তার ক্ষমতা হারায়। এটাই চিরদিন দেখতে পাওয়া গেছে। সে যে রকম আঠাই হোক।

কিন্তু আঠা জিনিসটির বহুল ব্যবহার রয়েছে বিশ্বজুড়ে। এবার এমন এক আঠা এল যাকে জল জব্দ করতে পারেনা। এ এমন এক আঠা যা জলের তলায় থাকা ২ কেজি জিনিস জুড়ে দিয়েছে মাত্র কয়েক সেকেন্ডে।

জলের তলায় আঠা দিয়ে জুড়ে দেওয়াই নয়, সেই জলের তলাতেই ওই জোড়া বস্তু ৩ বছর রেখে দেওয়ার পরও তার কোনও ক্ষতি হয়নি। আঠা দিয়ে যেমন জোড়া হয়েছিল তেমনই রয়ে গেছে। আঠাও আলগা হয়ে যায়নি।

এই ম্যাজিক আঠাকে বলা হচ্ছে আন্ডার ওয়াটার সুপার গ্লু। সুপ্রামলিকিউলার আয়নিক লিকুইড দিয়ে তৈরি এই আঠা এমনভাবেই তৈরি করা হয়েছে যে সেটি যেমন জলের তলায় কোনও কিছু জুড়ে দিতে সক্ষম, তেমনই জলের তলায় সেই আঠা দিয়ে জোড়া অবস্থায় জিনিসটি যতদিন কাটাবে ততই আঠার জোর আরও শক্তিশালী হবে।

সাধারণ আঠার ঠিক উল্টো ঘটনা ঘটছে এই আঠার ক্ষেত্রে। যা আগামী দিনে জলের তলায় বা জলের জায়গায় থাকা কোনও কিছু দীর্ঘদিনের জন্য জুড়ে দিতে দারুণ কার্যকরি ভূমিকা নিতে চলেছে।

সেরামিক থেকে প্লাস্টিক, নানা জিনিস জলের তলায় জুড়ে পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা। আর তাতে সাফল্যের সঙ্গে নিজের কামাল দেখিয়েছে এই নতুন আঠা।

Show Full Article
nilkantho.in App