Kolkata

রেলের চত্বরে আবর্জনা বা থুতু ফেলার ছবি দিলেই পাওয়া যাবে সার্টিফিকেট

রেল চত্বরকে স্বাস্থ্যকর ও আবর্জনামুক্ত রাখতে অভিনব উদ্যোগ নিল ভারতীয় রেল। এমন ছবি কেউ পাঠালেই রেলের তরফ থেকে তিনি পাবেন ক্যাপ্টেন ক্লিন সার্টিফিকেট।

রেল চত্বরকে আবর্জনামুক্ত করতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল পূর্ব রেল। পূর্ব রেলের তরফে ঘোষণা করা হয়েছে রেল চত্বরকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে সিসিটিভি দিয়ে যাত্রীদের কার্যকলাপে নজর রাখা হবে।

সেই সঙ্গে কোনও যাত্রী যদি অন্য কাউকে রেল চত্বরে থুতু ফেলতে বা আবর্জনা ফেলতে দেখেন, তাহলে তিনি সেই ঘটনার ছবি বা ভিডিও করে তা রেলের কাছে পাঠিয়ে দিতে পারেন। এমন ছবি বা ভিডিও পূর্ব রেলের কাছে পাঠানোর জন্য একটি নম্বরও দেওয়া হয়েছে।

নম্বরটি হল ৯০০২০২২৭৮০। ছবি বা ভিডিওর সঙ্গে ঠিক কোথায় সেটা ঘটেছে সেই জায়গার নাম দিয়ে দিতে হবে। এমন ছবি পেলে রেলের তরফে ছবির ব্যক্তিকে চিহ্নিত করা হবে। তাঁকে অন দ্যা স্পট জরিমানা করা হবে। এমনকি রেল চাইলে ওই চত্বর ছেড়ে তাঁকে বেরিয়েও যেতে বলতে পারে।

অন্যদিকে যিনি ওই থুতু বা আবর্জনা ফেলা ব্যক্তির ছবি পাঠিয়ে রেলকে সাহায্য করবেন তাঁকে রেলের তরফে সম্মানিত করা হবে। তাঁকে দেওয়া হবে ‘ক্যাপ্টেন ক্লিন’ সার্টিফিকেট। যা পূর্ব রেলের তরফ থেকে তাঁকে প্রদান করা হবে।

রেল চত্বরকে পরিচ্ছন্ন রাখতে রেলকে এভাবে সাধারণ মানুষ সাহায্য করতে পারবেন। যা একটি স্বাস্থ্যকর পরিচ্ছন্ন রেল চত্বর উপহার দেবে। এতে স্টেশন চত্বরের দেখভাল সুন্দরভাবে হতে পারবে।

ইস্টার্ন রেল ইজ ওয়াচিং ইউ, শীর্ষক এই প্রচেষ্টায় ইনটেনসিভ ক্লিনলিনেস অ্যাওয়ারনেস প্রোগ্রাম-এর তৃতীয় পর্যায় শুরু করল পূর্ব রেল। রেল চত্বরকে পরিচ্ছন্ন রাখতে যাত্রীদেরও শামিল করা হল এই উদ্যোগে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article