World

প্রাচীরের ইট সরাতেই বেরিয়ে এল ৪০০ বছর পুরনো বিশাল কামান, মিলল সৈন্যদের জীবনের চিহ্ন

প্রায় ৪০০ বছর ধরে পাহাড়ি প্রাচীরের সঙ্গে লুকিয়ে ছিল ১১২ কেজির অস্ত্র। প্রকাশ্যে এল সে যুগের সামরিক প্রযুক্তির নতুন ইতিহাস।

চিনের প্রাচীরের বেজিং সংলগ্ন দুর্গম অংশে মেরামতির আগে প্রত্নতাত্ত্বিক খনন চালাতে গিয়ে গবেষকেরা উদ্ধার করেছেন প্রায় ৪০০ বছরের পুরনো একটি বিশাল কামান। ৮৯.২ সেন্টিমিটার লম্বা ও ১১২.১ কিলোগ্রাম ওজনের অস্ত্রটি ওই অংশে এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় কামান বলে মনে করা হচ্ছে।

কামানের গায়ে খোদাই করা লেখা থেকে সেটিকে ১৬৩২ সালর মিং সাম্রাজ্যের অস্ত্র হিসেবে সনাক্ত করা হয়েছে। এর ছোট ক্যালিবার ও দীর্ঘ ব্যারেলের গঠনে ইউরোপিয়ান ঘরানার কামানের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা। ফলে মিং যুগে চিন ও ইউরোপের মধ্যে সামরিক প্রযুক্তির আদানপ্রদানের প্রমাণ হিসেবেও আবিষ্কারটি গুরুত্বপূর্ণ।

কামানটির মাপ চিনের প্রাচীরের ওয়াচ টাওয়ারে পাওয়া পুরনো প্ল্যাটফর্মের সঙ্গে মিলে যাওয়ায় ধারনা করা হচ্ছে, এমন অস্ত্র টাওয়ারের উপর থেকেই ব্যবহার করা হত।

খননে ১১৭, ১১৮ ও ১১৯ নম্বর, ৩টি অজানা ওয়াচ টাওয়ারেরও সন্ধান মিলেছে। একটি টাওয়ারে উত্তপ্ত ইটের বিছানা ও উনুন পাওয়া গেছে। যা দেখায় পাহাড়ি ঠান্ডায় সৈন্যরা কীভাবে থাকতেন ও রান্না করতেন।

গম, বাজরা, মটরশুঁটি, ওষধি গাছ এবং কাটার দাগসহ পশুর হাড়ও পাওয়া গেছে সেখানে। আরও চমকপ্রদ ভাবে, একটি ইটের খোদাইয়ে দীর্ঘ পরিশ্রমে এক শ্রমিকের চুল সাদা হয়ে যাওয়ার কথাও উঠে এসেছে।

তবে একই সময়ের আরও কিছু প্রত্নসামগ্রি উদ্ধার হয় অন্য একটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র থেকে। যেগুলি বেজিংয়ে পাওয়া সামগ্রির থেকে আলাদা। এই সব আবিষ্কার চিনের প্রাচীরকে শুধু প্রতিরক্ষা প্রাচীর নয়, একসময়ের সক্রিয় সামরিক ও দৈনন্দিন জীবনের কেন্দ্র হিসেবেও তুলে ধরছে।

Show Full Article
nilkantho.in App