চিনির কোনও ঘাটতি নেই, জানিয়ে দিল কেন্দ্র
চিনির দাম লাফিয়ে বেড়েছে। সামনেই উৎসবের মরসুম। তখন কি হবে। দেশের সাধারণ মানুষের এই চিন্তা দূর করার চেষ্টা করল কেন্দ্র।
চিনির দাম লাফিয়ে বেড়েছে। এত দামে এর আগে চিনি কিনতে হয়নি দেশবাসীকে। সাধারণ পরিবারের মানুষ দৈনন্দিন জীবনের অঙ্গ চিনি কিনতে হিমসিম খেয়ে যাচ্ছেন। সামনে আবার উৎসবের মরসুম। তখন আবার চিনির চাহিদা বাড়বে।
সব মিলিয়ে চিন্তিত দেশবাসীকে আশ্বস্ত করল কেন্দ্র। কেন্দ্রের তরফে আশ্বস্ত করে জানানো হয়েছে দেশে চিনির কোনও ঘাটতি নেই। ইথানল তৈরি করতে চিনি লেগে যাচ্ছে বলে চিনির দাম বাড়ছে বলে যে অভিযোগ সামনে আসছে তাও খণ্ডন করেছে কেন্দ্র।
কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে ইথানলের জন্য চিনির কোনও ঘাটতি তৈরি হচ্ছেনা। বরং ২০২২-২৩ সালে ইথানল তৈরি করতে যেখানে মোট চিনি উৎপাদনের ১২ শতাংশ কাজে লাগত, ২০২৫-২৬-এ তা নেমে ৯ শতাংশে এসে ঠেকেছে। দেশে এখন ইথানল উৎপাদনে প্রধানত কাজে লাগানো হচ্ছে ভুট্টা বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
তাহলে কেন চিনির দাম বাড়ছে? চিনির দাম বাড়ার জন্য একাধিক কারণ দায়ী বলে জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে যা ভাবা হয়েছিল তার চেয়ে চিনির দেশিয় কম উৎপাদন। এছাড়া উৎসবের মরসুমের আগে চিনির চাহিদা অনেক বেড়ে গেছে।
আবহাওয়া জনিত কারণে আখ চাষের যে ক্ষতি হয়েছে তাও চিনির দামের ওপর প্রভাব ফেলেছে। কিছু ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা চিনি বাজারে না ছেড়ে ধরে রাখছেন। সেটাও একটা বড় কারণ হচ্ছে চিনির দাম বৃদ্ধিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











