National

বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ, পুজোর সময় নিতে পারে শক্তিশালী রূপ

পুজোয় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া দফতর। তবে তা হালকা থেকে মাঝারিতে সীমাবদ্ধ ছিল। এবার কিন্তু চিন্তা আরও বাড়াল নিম্নচাপের ভ্রুকুটি।

পুজোয় বৃষ্টি হবে কিনা জানতে আপামর বাঙালি আগ্রহী। মনে মনে সকলেই চান শরতের ঝলমলে রোদের আকাশে কাটুক পুজোর দিনগুলো। কিন্তু প্রকৃতি তো মানুষের ইচ্ছায় পরিচালিত নয়। সে চলে তার আপন খেয়ালে।

পুজোর মহাষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এবার কিন্তু সে ছবি বদলে যেতে পারে। কারণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আগামী ১৩ অক্টোবর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখছেন আবহবিদেরা।

জন্ম নেওয়ার ৩ থেকে ৪ দিনের মধ্যে সেটি উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে আসার কথা। অন্তত তাই ধারনা করছেন আবহবিদেরা। তবে নিম্নচাপের গতিপথ এভাবে এখনই নিশ্চিত করে বলা কঠিন। সে সময়ের পরিস্থিতিতে সেটি তার গতিপথ বদলেও ফেলতে পারে।

সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ওপর তার প্রভাব পড়তে পারে। আর যে সময় তার প্রভাব পড়ার কথা সে সময় দুর্গাপুজো চলবে এ রাজ্যে। সেক্ষেত্রে নিম্নচাপের জেরে যদি এখানে বৃষ্টি হয় তাহলে তা পুজোর আনন্দে কিছুটা হলেও জল ঢালবে।

মেঘলা আকাশ উৎসবের আনন্দকেও মেঘে ঢাকবে। অবশ্যই এখনই কিছু বলার মত পরিস্থিতি তৈরি হয়নি। তাই নিশ্চিত নয়। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে সবসময়ই পশ্চিমবঙ্গের মানুষের একটা চিন্তা থেকে যায়। সেটা পুজোর সময় হলে উৎসবের আনন্দ মাটি হওয়ার সম্ভাবনা তো থেকেই যাচ্ছে।

Show Full Article