মুখ ফিরিয়েছে বর্ষা, কমছে জনপ্রিয় গুড়ের উৎপাদন, বাড়ছে দাম
বর্ষা এখানে মুখ ফিরিয়েছে। সেই কম বর্ষার জের এসে সরাসরি আঘাত হেনেছে গুড়ে। জনপ্রিয় গুড়ের উৎপাদন ঘাটতি নজরকাড়া। ফলে দামও আকাশছোঁয়া।
ভারতের নানা প্রান্তে গুড়ের একটা চাহিদা রয়েছে। চিনির পাশাপাশি গুড়ের একটা আলাদাই জনপ্রিয়তা রয়েছে সাধারণ মানুষের জীবনে। ফলে তার চাহিদাও যথেষ্ট। গুড় আবার নানাধরনের হয়।
পশ্চিমবঙ্গে আখের গুড়ের চাহিদা সারা বছর থাকে। তবে শীতের সময় আখের গুড় ছেড়ে মানুষের নজর যায় অল্প সময়ের জন্য পাওয়া খেজুরের গুড়ে, নলেন গুড়ে। এছাড়া তালপাটালিও বাংলার নানা প্রান্তে পাওয়া যায়। এমনই দেশের আর এক প্রান্তে জনপ্রিয় তালের গুড়।
তামিলনাড়ুতে তালের গুড়ের চাহিদা রয়েছে। তালগাছ এখানে প্রচুর হয়। সবচেয়ে বেশি তালগাছ দেখতে পাওয়া যায় রামনাথপুরম, টুথুকুড়ি, তিরুনেলভেলি এবং তেনকাশি জেলায়। এরমধ্যে আবার ঘন তালগাছের বন দেখতে পাওয়া যায় রামনাথপুরমে।
এসব তালগাছ থেকে তালের রস সংগ্রহ করেন তাল চাষের সঙ্গে যুক্ত কৃষকরা। তারপর সেই রস জাল দিয়ে তৈরি হয় তাল গুড়। যা তামিলনাড়ুতে বেশ জনপ্রিয়। শুধু তাল গুড় নয়, সেখানে তাল রসের লজেন্সও পাওয়া যায়।
এবছর সেই তাল গুড়ের চাহিদা সমান থাকলেও উৎপাদন অনেকটাই কম। ফলে চাহিদা ও যোগানের ভারসাম্যের অভাব রয়েছে। যা এর দাম হুহু করে বাড়িয়ে দিয়েছে।
সমস্যার শুরু অবশ্য গত জানুয়ারি, ফেব্রুয়ারিতেই। সে সময় বৃষ্টির অপ্রতুলতা থাকায় তালের রস ভাল পাওয়া যায়নি। তারপর তো গরমের দাপট ছিলই। ফলে তাল রস পরিমাণমত সংগ্রহ করা সম্ভব হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












