Business

চিনির দাম নিয়ে স্বস্তির খবর শোনাল কেন্দ্র

চিনির আকাশছোঁয়া দাম দেশের সাধারণ মানুষের মাথায় হাত ফেলেছে। তবে এবার সরকার যা জানাল তাতে কিছুটা স্বস্তি পেতে পারেন দেশের আমজনতা।

বাজারে চিনির দাম শুনে আঁতকে উঠছিলেন সাধারণ মানুষ। অনেকেই বাড়িতে চিনি খাওয়া অনেক কমিয়ে দিয়েছিলেন। দেশের সাধারণ মানুষের বাজেট নির্ভর সংসারে চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল।

বেআইনি মজুত এবং জল্পনার হাত ধরেই চিনি দাম লাফিয়ে বেড়েছিল বলে জানা যাচ্ছে। এমনকি ইথানল তৈরিকেও চিনির দাম বাড়ার কারণ হিসাবে দেখাচ্ছিলেন একটা মহল। তবে কেন্দ্র জানিয়ে দিয়েছে ইথানলের জন্য চিনির দাম বাড়েনি।

কেন্দ্রের তরফে চিনির মজুত ও বণ্টনের ওপর নজর রাখা শুরু হওয়ার পর আগামী দিনে বাজারে চিনির দাম কমতে চলেছে বলেই স্বস্তির বার্তা দিয়েছে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক।

সরকারের তরফে জানানো হয়েছে মিল থেকে যে চিনি বার হচ্ছে তার দাম ২০ শতাংশ কমেছে। তবে তার সুফল সাধারণ বাজারে এখনও পড়েনি। সাধারণ বাজারে এই ২০ শতাংশ মূল্যহ্রাসের প্রভাব এসে পড়তে আরও কিছুদিন সময় লাগবে।

তবে তারপর থেকে ক্রমে চিনির দাম কমতে দেখা যাবে বলেই দাবি কেন্দ্রের। কেন্দ্র তরফে এটাও জানানো হয়েছে দেশে চিনির কোনও ঘাটতি নেই। তাই অহেতুক চিন্তার কারণ নেই।

সামনে উৎসবের মরসুম। আর ভারতে উৎসব মানে মিষ্টির চাহিদা তরতর করে বাড়ে। সেই চাহিদা পূরণেও সমস্যা হবেনা বলেই মনে করছে কেন্দ্র। ফলে চিনির অস্বাভাবিক দামবৃদ্ধিতে এবার লাগাম পরতে চলেছে বলেই মনে করছেন দেশের আমজনতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article