SciTech

হাজার কোটি বছর পেরিয়ে মহাকাশ থেকে পৃথিবীতে পৌঁছল রেডিও সংকেত, মহাজাগতিক বিস্ময় নিয়ে চর্চা গবেষকদের

১ হাজার কোটি বছর পেরিয়ে পৃথিবীতে পৌঁছল রহস্যময় রেডিও সংকেত। কোন নক্ষত্রপুঞ্জে জন্ম এই সংকেতের, কীভাবেই বা সৃষ্টি হল এই মহাজাগতিক বিস্ময়, চর্চায় বিজ্ঞানীরা।

সুদূর মহাকাশের প্রান্ত থেকে পৃথিবীতে এসে পৌঁছেছে রহস্যময় এক রেডিও সংকেত। যে সংকেত ১ হাজার কোটি বছরের বেশি সময় ধরে মহাবিশ্বের পথ অতিক্রম করেছে। অথচ তার স্থায়িত্ব মোটে কয়েক মিলি সেকেন্ড। এমনই এক সংকেতের উৎসের সন্ধান পেয়ে রীতিমত চমৎকৃত মহাকাশ বিজ্ঞানীরা।

সংকেতটির নামকরণ করা হয়েছে এফআরবি ২০২৪০৩০৪বি। এফআরবি অর্থাৎ ‘ফাস্ট রেডিও বার্স্ট’ হল মহাকাশ থেকে আসা অত্যন্ত শক্তিশালী রেডিও তরঙ্গের ক্ষণস্থায়ী বিস্ফোরণ। ২০২৪ সালের ৪ মার্চ দক্ষিণ আফ্রিকার মিরক্যাট রেডিও টেলিস্কোপ প্রথম এই সংকেতটি সনাক্ত করে।

প্রথম থেকেই বিজ্ঞানীদের ধারনা ছিল, সংকেতটি এসেছে মহাবিশ্বের অকল্পনীয় কোনও দূরত্ব থেকে। তবে ঠিক কোত্থেকে, সেই রহস্যের সমাধানে বিজ্ঞানীরা সহায়তা নেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের।

এরপর জেমস ওয়েবের পর্যবেক্ষণে সামনে আসে বিস্ময়কর তথ্য। সেই তথ্য অনুযায়ী সংকেতটির উৎস কোনও বিশাল নক্ষত্রপুঞ্জ নয়। বরং একটি ছোট বামন নক্ষত্রমণ্ডল। যেখানে অত্যন্ত দ্রুতগতিতে নতুন নতুন নক্ষত্র জন্ম নিচ্ছিল।

বিজ্ঞানীরা জানতে পেরেছেন বিগ ব্যাং-এর মাত্র ৩০০ কোটি বছর পরই ওই সংকেতের সৃষ্টি হয়েছিল। অর্থাৎ মহাবিশ্ব সেসময় আজকের তুলনায় অনেকই নবীন। এত শক্তিশালী সংকেত একটি ছোট নক্ষত্রপুঞ্জ থেকে আসার পরে গবেষকদের ভাবনাচিন্তায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।

গবেষকদের অনুমান প্রবল চৌম্বকক্ষেত্র যুক্ত তরুণ নিউট্রন নক্ষত্র বা ম্যাগনেটার এমন সংকেত তৈরিতে নেপথ্য হতে পারে। সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে এই আবিষ্কার বিশদে প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিষয়ক পত্রিকা সায়েন্স-এ। তবে এটি কোনও ভিনগ্রহী সভ্যতার পাঠানো বার্তা নয় বলেই এ পর্যন্ত প্রমাণ মিলেছে।

সংকেতটির প্রকৃত উৎসের প্রক্রিয়া যদিও এখনও রহস্যাবৃত। মাত্র কয়েক মিলি সেকেন্ডের একটি সংকেত মহাবিশ্বের ১ হাজার কোটি বছরেরও প্রাচীন ইতিহাসের দুয়ার খুলে দিতে পারে। যা কিনা খুবই অবাক করার মত বলে মনে করছেন গবেষকরা।

Show Full Article