পেঁয়াজ নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢালল কেন্দ্র
পেঁয়াজের দাম যে মাত্রা ছাড়িয়েছে তা মেনে নিচ্ছেন সকলেই। এই অবস্থায় কেন্দ্র এবার পরিস্কার করে দিল চিত্রটা। জল ঢেলে দিল যাবতীয় জল্পনায়।
পেঁয়াজের দাম আকাশছোঁয়া। ফলে নানা প্রশ্ন উঠছে। তাহলে কি পেঁয়াজের ঘাটতি রয়েছে দেশে? এমন প্রশ্নও সামনে আসছে। কিন্তু কেন্দ্রের তরফে এবার স্পষ্ট করে দেওয়া হল পেঁয়াজ চিত্র।
পেঁয়াজের দেশে কোনও ঘাটতি নেই বলে জানিয়ে দিল সরকার। ক্রেতা সুরক্ষা মন্ত্রীকে সচিব নিজেই একথা জানিয়ে দিয়েছেন। তিনি এটাও জানিয়েছেন যখনই পেঁয়াজের দাম বাড়ে তখনই কেন্দ্র তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। দামকে নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষের সুরাহার চেষ্টা করে।
রাজধানী দিল্লিতে সাধারণ মানুষকে সুরাহা দিতে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রিও শুরু করেছে সরকার। যা এনসিসিএফ, এনএএফইডি এবং কেন্দ্রীয় ভান্ডার থেকে বিক্রি করা হচ্ছে।
এসব জায়গায় ৩৫ টাকা কেজি দরে নিশ্চিন্তে পেঁয়াজ কিনতে পারবেন সাধারণ মানুষ। এছাড়া গাড়িতেও পেঁয়াজ বিক্রি শুরু করা হয়েছে দিল্লিতে।
পেঁয়াজের ফলন কম হয়নি, পেঁয়াজের রফতানিও যেমন ছিল তেমন আছে। একথা জানিয়ে দিয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের সচিব। কিন্তু বাজারে গেলে এখনও পেঁয়াজ কিনতে হাত পুড়ছে মধ্যবিত্তের। ফলে প্রশ্ন উঠছে পেঁয়াজের দামে লাগাম দেওয়া নিয়ে।
বাজারে গেলে কিন্তু পেঁয়াজ কেজির জায়গায় ৫০০ গ্রাম কিনে চালাতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিদিনের জীবনে পেঁয়াজ বা চিনি নিত্যপ্রয়োজনীয় উপাদানের মধ্যে পড়ে। সে ২টির দামই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যা দৈনন্দিন বাজেট ধরে চলা সাধারণ মানুষকে চিন্তায় ফেলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











