Business

কবে থেকে দেশে চালু হবে পলিমার টাকা, ইঙ্গিত দিল রিজার্ভ ব্যাঙ্ক

ভারতের বাজারে পলিমার নোট যে আসছে তা আগেই জানা গিয়েছিল। সকলের জিজ্ঞাসা ছিল কবে থেকে তা চালু হবে। সেটা এবার জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পলিমার নোট বাজারে ছাড়ার আগে যে ফিল্ড ট্রায়াল করতে চায় তাতে সায় দিয়েছে কেন্দ্র। সংসদে একথা আগেই জানিয়ে দিয়েছে অর্থমন্ত্রক। ফলে পরীক্ষামূলক ভাবে পলিমার নোট বাজারে ছাড়া নিয়ে কোনও বাধা নেই।

বাজারে পুরোদস্তুর এই নোট ছাড়ার আগে এই পরীক্ষা থেকে কেন্দ্রীয় ব্যাঙ্ক বুঝে নিতে চাইছে নোটগুলি বাজারে কেমন কার্যকরি হচ্ছে। সেগুলি কতটা টেকসই তাও দেখতে চাইছে তারা।

এসব পরীক্ষার পর ভারতীয় বাজারে এই নোট পুরোদস্তুর ছাড়বে রিজার্ভ ব্যাঙ্ক। সেটা ২০২৮ অর্থবর্ষে ছাড়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফলে ভারতে পলিমার নোট সব মানুষের হাতে পৌঁছবে ২০২৮ সালে। সংবাদ সংস্থা আইএএনএস-কে এমনই জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা।

প্রথমে ১০ ও ২০ টাকার নোট পলিমার নোট করে ছাড়া হচ্ছে। এছাড়া অন্য অঙ্কের নোট আপাতত পলিমার হচ্ছেনা। পলিমার নোট নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু আশাবাদী। কাগজি নোট যত দ্রুত নষ্ট হয় পলিমার নোট অত দ্রুত নষ্ট হবেনা।

ফলে কাগজি নোট নষ্ট হয়ে যাওয়ার পর যে অল্প সময়ের ব্যবধানে নতুন নোট ছাপানোর খরচ বহন করতে হয়, পলিমার নোটের ক্ষেত্রে সেটা হবেনা।

তবে আপাতত পলিমার নোটকে পাইলট প্রোগ্রাম হিসাবেই রাখতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক। যার হাত ধরে ২০২৮ সালে তারা বাজারে পুরোপুরিভাবে পলিমার নোট ছাড়ার পরিকল্পনা করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App