Business

ঝলমলে আশার নাম গম, ১৪১৭৫ কোটি টাকা বিদেশ থেকে রোজগারের সম্ভাবনা উজ্জ্বল

দেশে গম এবার বিপুল অঙ্কের রোজগারের আশা উজ্জ্বল করল। যা দেশিয় বাজারে নয়, কেবল বিদেশের বাজারে বিক্রি করে রোজগার হতে পারে ১৪১৭৫ কোটি টাকা।

ভারতে এবার গমের উৎপাদন ভাল হয়েছে। যা প্রাথমিকভাবে দেশিয় বাজারের জন্য সুখবর। কারণ দেশিয় বাজারে গমের চাহিদা যথেষ্ট। সেই চাহিদা পূরণ করেও যা গম থাকবে তা বিদেশের বাজারে পাঠানোর সুযোগ সামনে এসেছে। সৌজন্য কেন্দ্রীয় সরকার।

কেন্দ্র গম ও গমজাত দ্রব্যের রফতানিতে ছাড় দিয়েছে। ফলে গম উৎপাদক এবং গমজাত দ্রব্য উৎপাদকরা বিদেশের বাজার নিয়ে আশাবাদী।

বণিকসভা অ্যাসোচেম যে হিসাব সামনে এনেছে তাতে কেবল গম ও গমজাত দ্রব্য বিদেশে রফতানি করেই ভারত ১৪১৭৫ কোটি টাকার ওপর রোজগার করতে পারে।

ভারতের গমের যথেষ্ট চাহিদা রয়েছে মিশর, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, আলজেরিয়া ও ফিলিপিন্সে। এসব জায়গায় গম বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা ঘরে তুলতে পারেন দেশের গম উৎপাদক ও গমজাত দ্রব্য উৎপাদকরা।

এছাড়া এসব জায়গায় যদি গম বেচা হয় তাহলে তা পরিবহণ খরচ বাঁচাবে। ফলে ভারত অনেক বেশি প্রতিযোগিতামূলক দামে গম বিক্রি করতে পারবে এসব দেশে। যা ভারতকে অন্য গম বিক্রি করা দেশগুলির থেকে এগিয়ে রাখবে।

ভারত থেকে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় গম পাঠানোর খরচ কম। অন্য যেসব দেশ অন্য দেশে গম বেচে তাদের পক্ষে পরিবহণ খরচ সামলে ভারতের মত কম দামে এখানকার দেশগুলিতে গম ও গমজাত দ্রব্য বিক্রি করা সহজ হবেনা।

ফলে অনেকটাই এগিয়ে থাকবে ভারত। যা ভারত থেকে গম রফতানি বাড়াবে এবং মোটা অঙ্কের মুনাফা ঘরে তোলার রাস্তা খুলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article