চিনির দামে নাভিশ্বাস, দেশবাসীকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ করল সরকার
চিনির দাম ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। সাধারণ মানুষ চিনি কিনতে বেশ কয়েকবার ভাবছেন। এই অবস্থায় চিনির দামে লাগাম দিতে বড় পদক্ষেপ করল সরকার।
চিনির দাম শুনে অনেকেই আঁতকে উঠছেন। ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী চিনি। ১ কেজি চিনি কিনতে মাথায় হাত পড়ছে সাধারণ মানুষের।
চিনির এই তরতর করে বাড়তে থাকা দামে নিয়ন্ত্রণ কোথায়? সরকার কি করছে? সাধারণ মানুষের এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দৈনন্দিন জীবন ও হেঁশেলের আবশ্যিক অঙ্গ চিনির এই বিপুল দাম আগে দেখা যায়নি।
এদিকে সামনেই ভারতর জুড়ে শুরু হবে উৎসবের মরসুম। আর উৎসব মানেই চিনির চাহিদা বৃষ্টি। কারণ ভারতে উৎসব মিষ্টি মুখ ছাড়া অসম্পূর্ণ।
চিনির দামে লাগাম দিতে আগেই চিনি মজুত করে রাখার ওপর নজরদারি শুরু করেছিল সরকার। ব্যবসায়ীদের জানাতে হচ্ছে তাঁরা কত চিনি মজুত রাখছেন। কিন্তু তাতেও দামে নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। তাই এবার নতুন পদক্ষেপ করল সরকার।
কেন্দ্রীয় সরকার ১০ লক্ষ টন চিনি আমদানিতে সবুজ সংকেত দিয়েছে। তাও আবার কোনও আমদানি শুল্ক ছাড়াই। অর্থাৎ এখন চিনি আমদানি করলে তার ওপর কোনও আমদানি শুল্ক দিতে হবেনা। ফলে তা কম দামে বাজারে ছাড়ায় সমস্যা থাকবেনা।
এই সুবিধা আপাতত ৩১ অক্টোবর পর্যন্ত বজায় থাকবে। তেমনই নির্দেশ দিয়েছে সরকার। চিনির এই আকাশছোঁয়া দামে নিয়ন্ত্রণ আনা, উৎসবের মুখে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া এবং মুদ্রাস্ফীতি রোধে এই পদক্ষেপ আগামী দিনে চিনির দামে কতটা লাগাম দিতে পারে সেদিকে তাকিয়ে দেশবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












