SciTech

কয়েক দশক ধরে হেলায় পড়ে থাকা প্রাণির নমুনা দিল প্রাচীন সমুদ্র প্রাণের খোঁজ

একটি সংগ্রহশালায় হেলায় পড়ে থাকা ৮০-র দশকে পাওয়া এক সামুদ্রিক প্রাণির নমুনা পরীক্ষায় যা জানা গেল তা প্রাচীন সামুদ্রিক প্রাণের সন্ধানে এক নতুন অধ্যায় যোগ করল।

সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা অজানা প্রাণির খোঁজ পেতে সবসময় যে নতুন অভিযানে নামতে হয়না, তার প্রমাণ মিলল জার্মানিতে। কয়েক দশক ধরে একটি বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় পড়ে ছিল বিশাল এক সামুদ্রিক প্রাণির শুকনো দেহ। এতদিন পর সেটি পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীরা বুঝলেন প্রাণিটি এমন এক প্রজাতির যার পরিচয় এতদিন বিজ্ঞানের কাছেই অজানা ছিল।

জার্মানির একটি সংগ্রহশালায় সংরক্ষিত ছিল প্রাণিটি। ৮০-র দশকে পুয়ের্তো রিকোর একটি সামুদ্রিক গবেষণাকেন্দ্র থেকে সেটি সংগ্রহ করে আনা হয়েছিল। ক্যারিবিয়ান সাগরের প্রায় ৫০০ মিটার গভীরে ধরা পড়েছিল প্রাণিটি। প্রথমে সেটিকে পরিচিত একটি জায়ান্ট আইসোপড প্রজাতির সদস্য বলেই মনে করা হয়েছিল।

সম্প্রতি ২ গবেষক আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রাণিটির শারীরিক গঠন পরীক্ষা করেন। অন্য প্রজাতির সঙ্গে তুলনা করতে গিয়েই ধরা পড়ে গুরুত্বপূর্ণ পার্থক্য। নিশ্চিত হয় এটি সম্পূর্ণ নতুন প্রজাতি। নাম রাখা হয়েছে বাথিনোমাস টুবিঙ্গোবোরিকেনসিস। প্রাণিটির দৈর্ঘ্য ৩২.২ সেন্টিমিটার। বিশাল আকারের জন্য এটি বিশেষভাবে নজরকাড়ে।

এই ধরনের সামুদ্রিক প্রাণি দেখতে অনেকটা স্থলের ছোট্ট কাঠপোকার মত। এদের শক্ত কঙ্কাল এবং একাধিক জোড়া পা রয়েছে। জায়ান্ট আইসোপডের কয়েকটি প্রজাতি ৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। গভীর সমুদ্রের অন্ধকার পরিবেশই এদের বিচরণ ক্ষেত্র।

নতুন প্রজাতির সন্ধান পাওয়াই এই গবেষণার একমাত্র চমক নয়। বিজ্ঞানীদের বিশ্লেষণ বলছে দেড় কোটি বছরেরও বেশি আগে ক্যারিবিয়ান সংলগ্ন অঞ্চল থেকেই সম্ভবত এই প্রাণি গোষ্ঠীর বিবর্তন শুরু হয়েছিল। পরে বিভিন্ন মহাসাগরে ছড়িয়ে পড়ে তারা।

ফলে বহুদিন অবহেলায় পড়ে থাকা একটি নমুনা শুধু নতুন প্রাণির পরিচয়ই দিল না, খুলে দিল সমুদ্রের প্রাণিজগতের সুপ্রাচীন ইতিহাস জানার নতুন পথ।

Show Full Article