ঝলমলে ভবিষ্যৎ, মহাকাশ প্রযুক্তিতে জুলাইয়ের শেষে অন্য অঙ্কে নজর কাড়ল ভারত
ভারতের মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রের ভবিষ্যৎ যে ঝলমল করছে তা এক বিশেষ অঙ্ক সামনে আসতেই অনেকের কাছে আরও পরিস্কার হয়ে গেল।
ভারতের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে ইসরোর অবদান সব আলোচনার ঊর্ধ্বে। কিন্তু এখন ইসরো ছাড়াও বেসরকারি উদ্যোগকে মহাকাশ প্রযুক্তিতে শামিল করা শুরু হয়েছে। যার এক উজ্জ্বল সাফল্যের উদাহরণ মাত্র কয়েকদিন আগেই গোটা বিশ্ব দেখেছে।
ভারতের বেসরকারি উদ্যোগ স্কাইরুট এরোস্পেসের বিক্রম-১ মিশন নিখুঁত ভাবে সফল হয়েছে। যার হাত ধরে কার্যত ভারতে মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে।
বেসরকারি মহাকাশ প্রযুক্তি সংস্থা ভারতে বেড়ে চলেছে। এই মুহুর্তে ভারতে স্টার্টআপ মিলিয়ে ২৮৫টি বেসরকারি মহাকাশ প্রযুক্তি সংস্থা রয়েছে। যার মধ্যে ২৭৪টি কার্যকরি অবস্থায় রয়েছে। যার মধ্যে আবার ৭২টি স্টার্টআপ সংস্থা ইন্সটিটিউশনাল ইকুইটি ফান্ডিং থেকে মোটা অঙ্কের বিনিয়োগ পেয়েছে।
এই বেসরকারি উদ্যোগগুলি ইতিমধ্যেই মোটা অঙ্কের বিনিয়োগ পেয়ে চলেছে। জুলাইয়ের শেষ পর্যন্ত ভারতের বেসরকারি মহাকাশ প্রযুক্তি সংস্থায় ৮৭১ মিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে।
ভারতীয় মুদ্রায় যা ৮৩৪৬ কোটি টাকার কিছু বেশি। এই বিশাল অঙ্কের বিনিয়োগ মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে ভারতের বেসরকারি সংস্থার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে।
এই বেসরকারি সংস্থাগুলি রকেট মহাকাশে পাঠানো, কৃত্রিম উপগ্রহ তৈরি করার কাজ করছে। এছাড়া প্রপালশন সিস্টেম, স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, আর্থ অবজার্ভেশন এবং ডাউনস্ট্রিম অ্যানালিটিকস-এর কাজও করছে এই বেসরকারি সংস্থাগুলি।
ফলে দেশের মহাকাশ অভিযানে সাফল্যের পাশাপাশি আগামী দিনে মহাকাশ প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে লাভজনক করে তোলার ক্ষেত্রে এই সংস্থাগুলি অন্যতম ভূমিকা পালন করতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












