Business

পেঁয়াজের যোগানে বড় পদক্ষেপ, দেশের ২ প্রান্তে পেঁয়াজ নিয়ে ছুটল বিশেষ কান্দা এক্সপ্রেস

পেঁয়াজের যোগান নিয়ে বড় পদক্ষেপ নিল সরকার। দেশের ২ প্রান্তে ছুটল ২টি বিশেষ ট্রেন। পেঁয়াজ নিয়ে ছুল কান্দা এক্সপ্রেস।

নানারকম এক্সপ্রেস ট্রেনের নাম সকলে শুনেছেন। তবে কান্দা এক্সপ্রেসের নাম বড় একটা শোনা যায়নি। এবার পেঁয়াজ নিয়ে ছুটল কান্দা এক্সপ্রেস। পেঁয়াজের দাম নিয়ে বেশ কয়েকদিন ধরেই সাধারণ মানুষ জেরবার। কিছুটা কমলেও এখনও পেঁয়াজের দাম বেশ চড়া।

সাধারণ বাজারে পেঁয়াজের যোগান নিশ্চিত করা এবং পেঁয়াজের দামকে নিয়ন্ত্রণে রাখার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এবার দেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজ পাঠানো শুরু করেছে।

নাসিক থেকে ২টি কান্দা এক্সপ্রেস ছুটেছে দেশের ২ প্রান্তে। পেঁয়াজ দেশের অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে এই কান্দা এক্সপ্রেস। এছাড়া সড়ক পথেও পেঁয়াজ পাঠানো হচ্ছে নানা প্রান্তে। যাতে দ্রুত দেশের বিভিন্ন জায়গায় পেঁয়াজ পৌঁছে দেওয়া সম্ভব হয়।

কান্দা এক্সপ্রেসের একটি ট্রেন ৪৫০ মেট্রিক টন পেঁয়াজ পৌঁছে দিয়েছে দিল্লিতে। যারমধ্যে ১৪০ মেট্রিক টন পেঁয়াজ পাঠানো হয়েছে বারাণসী, লখনউ, চণ্ডীগড় এবং অমৃতসরে।

অন্য একটি কান্দা এক্সপ্রেস গেছে চেন্নাই। সঙ্গে নিয়ে গেছে ৮৪০ মেট্রিক টন পেঁয়াজ। এই পেঁয়াজ তামিলনাড়ু সরকার কার্ড প্রতি ১ কেজি হিসাবে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে।

এর বাইরেও পেঁয়াজ সহজলভ্য করতে ও সঠিক দামে তা পেতে উদ্যোগ নিয়েছে সরকার। সাধারণ বাজারে ৬৬৯ মেট্রিক টন পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। যাতে সাধারণ মানুষ পেঁয়াজের জন্য মোটা অঙ্ক খরচ থেকে রক্ষা পান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article