Business

ইউরোপ এখনও চেষ্টা চালাচ্ছে, ভারত ইতিমধ্যেই পেয়ে গেল সাফল্য

ইউরোপকে মহাকাশ গবেষণার একটি ক্ষেত্রে পিছনে ফেলে দিল ভারত। যাকে এক অন্যতম সাফল্য হিসাবে দেখছে খোদ ইউরোপই। ভারতের পথ অনুসরণের কথাও ভাবছে তারা।

মহাকাশ গবেষণায় সাফল্য অর্জন ভারতের অভ্যাসে পরিণত হয়েছে। একের পর এক সাফল্য। তার জেরে বিশ্বের মহাকাশ গবেষণা ক্ষেত্রে নিজেদের দাপট তৈরি করা।

প্রথম কয়েকটি দেশের মধ্যে নিজেদের জায়গা করে নেওয়া। সব ক্ষেত্রেই সফল ভারত। এবার একটি খতিয়ান বলছে ইউরোপের মহাকাশ গবেষণা ক্ষেত্রকে একটি দিকে পিছনে ফেলে দিয়েছে ভারত।

গত জুলাই মাসে ভারত থেকে উড়ে যায় স্কাইরুট এরোস্পেস নামে একটি বেসরকারি সংস্থার রকেট বিক্রম-১। যার পেটে চেপে মহাকাশে পৌঁছে যাওয়া একাধিক কৃত্রিম উপগ্রহকে কক্ষের নিচের অংশে স্থাপন করে এই রকেট। আর এই সাফল্যের সঙ্গে ভারত বিশ্বে এক অনন্য কীর্তি স্থাপন করে।

মহাকাশ গবেষণা ক্ষেত্রে বেসরকারি সংস্থার প্রবেশ ও তাদের সাফল্য গোটা বিশ্বকে অবাক করে। ইউরোপের মহাকাশ গবেষণা এখনও ভারতের মত এমন বেসরকারি এবং দেশিয় প্রযুক্তি নির্ভর মহাকাশযান উৎক্ষেপণে সাফল্য পায়নি। যদিও তারা এই রাস্তায় হাঁটার চেষ্টা করছে। তবে ভারত যা করেই ফেলল, ইউরোপ এখনও তা নিয়ে ভেবে চলেছে। সাফল্য আসেনি।

এই সাফল্যের একটা বাণিজ্যিক দিকও রয়েছে। যদি বেসরকারি সংস্থা মহাকাশ গবেষণায় অংশ নেয়। যদি রকেট উৎক্ষেপণ, কৃত্রিম উপগ্রহ স্থাপনের মত কাজে দক্ষ হয়, তাহলে আগামী দিনে তার একটা ব্যবসায়িক দিক তো রয়েছেই। এ বিষয়েও ভারতের সাহায্য নিতে প্রস্তুত ইউরোপ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article