Business

কমল গ্যাসের দাম, কারা হাঁফ ছেড়ে বাঁচলেন, কমলই বা কত

গ্যাসের দামের ওঠানামা হলে তা মানুষ জানার চেষ্টা করেন। কারণ এই জিনিসটির সরাসরি এবং দৈনন্দিন যোগ রয়েছে মানুষের জীবনে। সেই গ্যাসের দাম কমল।

গ্যাসের সিলিন্ডারের দাম কমল। ১৯ কেজির সিলিন্ডারের দাম কমিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। অগাস্ট মাসের প্রথম দিনেই কমল দাম। কলকাতায় ২০৯ টাকা কমেছে দাম। দিল্লিতে ২০২ টাকা কমেছে।

তবে এই দাম কমায় সরাসরি সাধারণ মানুষের বিশেষ কোনও উপকার হয়নি। কারণ গৃহস্থের রান্নাঘরে ১৯ কেজির সিলিন্ডার ব্যবহার হয়না। হয় ১৪.২ কেজির সিলিন্ডার। যার দাম কমেনি। কমেছে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় দোকান, রেস্তোরাঁ সহ যেসব বাণিজ্যিক ক্ষেত্রে রান্নার গ্যাসের প্রয়োজন পড়ে তারা উপকৃত হল। এতে সাধারণ মানুষের একটা সুরাহা হতে পারে। খাবার দোকানে খরচ কিছুটা কমতে পারে।

এর আগে জুলাই মাসেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমিয়েছিল। তখন ১৮৫ টাকা ৫০ পয়সা করে কমেছিল দাম। এবার ফের কমল দাম। যা শহর ভেদে কিছুটা আলাদা হয়েছে।

কলকাতায় কিন্তু বড় অঙ্ক কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ২০৯ টাকা কমে এবার কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে ২ হাজার ৮৭২ টাকা ৫০ পয়সা। যা অনেকটা স্বস্তি দিল বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারীদের।

রেস্তোরাঁয় যাঁরা খেতে পছন্দ করেন তাঁরা আশায় আছেন আগামী দিনে রেস্তোরাঁয় খেতে দামে কিছুটা সাশ্রয় পাওয়া যেতে পারে ভেবে। প্রসঙ্গত বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম কিছুটা বেড়েছে। প্রতি লিটারে ৫ টাকা করে বেড়েছে দাম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App