Business

বৈদেশিক বাণিজ্যে মিষ্টি মাইলফলক, আইসক্রিম পাঠিয়ে শুরু হল নতুন সফর

এবার বৈদেশিক বাণিজ্যে মিষ্টির ছোঁয়া। যা এক মিষ্টি মাইলফলকও তৈরি করল। আইসক্রিমে শুরু হল এক নতুন সম্পর্ক। শুরু হল এক নতুন সফর।

হিমশীতল আইসক্রিম যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। সেই গাড়িতে করে ৫ হাজার ৬২৭ লিটার আইসক্রিম পাড়ি দিল বিদেশে। সাধারণ মানুষ থেকে বাণিজ্যিক ক্ষেত্র, সে দেশে আইসক্রিম বিক্রির সবরকম ব্যবস্থা পাড়ি দিল ভারত থেকে।

যাকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ভারতের জন্য একটি মিষ্টি মাইলফলক বলে ব্যাখ্যা করেছেন। অসমের মুখ্যমন্ত্রী গুয়াহাটি থেকে আইসক্রিম ভরা গাড়িটিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা করান। যা পৌঁছবে ভুটানে।

ভারতের এই প্রতিবেশি রাষ্ট্রে গেল অসমের বিখ্যাত পূরবী আইসক্রিম। অসমের দুগ্ধ চাষিদের থেকে পাওয়া দুধ সংগ্রহ করে পূরবী ডেয়ারি এই আইসক্রিম তৈরি করেছে। যা মানের দিক থেকেও উন্নত আবার স্বাদেও সুস্বাদু।

কেবল একরকম নয়, কাপ আইসক্রিম থেকে শুরু করে কোন, গ্যালন প্যাক থেকে ফ্যামিলি প্যাক, সবধরনের আইসক্রিম পাড়ি দিয়েছে ভুটানের উদ্দেশে। এমন আইসক্রিম নিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক সফর এক নতুন ইতিহাস রচনা করল। ভুটানের থিম্পু, পারো, ফুন্টশোলিং এবং ওয়াংদু, এই ৪ জায়গায় পৌঁছবে অসমের পূরবী আইসক্রিম।

এই পদক্ষেপ ভারতের দুগ্ধ চাষিদের জন্য একটা নতুন আশার আলোর জন্ম দিয়েছে। বৈদেশিক বাণিজ্যে ভারতের ডেয়ারি উৎপাদন নিজের একটা জায়গা তৈরির পথে পা বাড়াল। যা আগামী দিনে দেশের ডেয়ারি শিল্পকে আরও বৃহত্তর ক্ষেত্র উপহার দিতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App