বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, কবে থেকে প্রবল বৃষ্টি, জানাল হাওয়া অফিস
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি অতিপ্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সহ একাধিক কারণে এই অতিবৃষ্টির সম্ভাবনা। কবে থেকে বাড়বে বৃষ্টি। জানাল হাওয়া অফিস।
যেখানে দেশজুড়ে বর্ষা ঘাটতি নিয়ে চিন্তার ভাঁজ পুরু হচ্ছে সেখানে কলকাতা একের পর এক ব্যতিক্রমের নজির গড়ছে। যেখানে জুলাই মাসেও দেশজুড়ে বর্ষা ঘাটতির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, সেখানে ব্যতিক্রমী দৃশ্য দেখা যেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কবে থেকে শুরু হবে প্রবল বৃষ্টি, তাও জানাল হাওয়া অফিস।
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে। যা ৩ জুলাই গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। তাই আবহাওয়া দফতরের পূর্বাভাস হল, আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
তবে সেই ছবি বদলে যাবে শনিবার থেকে। সপ্তাহান্তে কলকাতা অতি প্রবল বৃষ্টির মুখে পড়তে চলেছে। রবিবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়েই ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহবিদেরা জানিয়েছেন, পঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিরাজ করছে। একাধারে বঙ্গোপসাগরে নিম্নচাপ, সঙ্গে মৌসুমি অক্ষরেখা কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি প্রবল বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।
বঙ্গোপসাগর থেকে ঢুকেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তার জেরেই শনিবার থেকে সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
অন্যদিকে উত্তরবঙ্গে এখন ভাল বৃষ্টি হচ্ছে। যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তারপর কিছুটা পরিস্থিতির উন্নতি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী শনিবার থেকে।













