ফের নিম্নচাপ, নতুন করে বৃষ্টিতে নাজেহাল হতে চলেছে বাংলা, কবে পর্যন্ত চলবে এই বৃষ্টি
কয়েকটা দিন রোদের দেখা পাওয়া গিয়েছিল। মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে। কিন্তু মেঘে ঢাকা থাকেনি আকাশ। শনিবার থেকে কিন্তু নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা।
নিম্নচাপ পিছু ছাড়ার নাম নিচ্ছে না। যার ফলে বৃষ্টি নাছোড় অবস্থান নিয়েছে। ফের বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে শনিবার থেকেই বৃষ্টিতে ভিজছে পশ্চিমবঙ্গ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে বৃষ্টি চলবে। রবিবারও বৃষ্টির থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে বৃষ্টির দাপট কমতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণ একা নিম্নচাপ নয়। আবহাওয়া দফতর জানাচ্ছে, হরিয়ানা থেকে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
তা নিম্নচাপের সঙ্গে হাত মিলিয়ে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির কারণ হচ্ছে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসই রয়েছে। ভারী বা অতি ভারী বৃষ্টির নয়।
তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলি বৃষ্টি বেশি পেতে চলেছে। সেখানে শনি ও রবিবারের পর যে আকাশ পরিস্কার হওয়ার সম্ভাবনা তৈরি হবে তা নয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস হল বুধ, বৃহস্পতিবার পর্যন্ত সেখানকার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ বেশি ভিজতে চলেছে।
এদিকে এল নিনো খাতায় কলমে তার প্রভাব বাড়াচ্ছে। তবে তার প্রভাব ভারতের সর্বত্র পড়েনি। পশ্চিমবঙ্গ তো বটেই, অন্য অনেক রাজ্যেই এখনও বৃষ্টি তার স্বাভাবিক মেজাজেই বর্ষণ ঘটাচ্ছে। পশ্চিমবঙ্গে এই সময় বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘনঘটা বাড়ে। এবারও তার অন্যথা হচ্ছেনা।











