আবহাওয়া বদলের জেরে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টি, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা
সেপ্টেম্বরের শেষের দিকে পৌঁছেও বৃষ্টি দাপটে ব্যাটিং করছে বাংলায়। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে ২ জেলায় কমলা সতর্কতা।
পশ্চিম ভারত থেকে পাততাড়ি গোটাতে শুরু করেছে বর্ষা। সেপ্টেম্বরের শেষ মানে ক্রমে বর্ষা বিদায় শুরু। কিন্তু বর্ষা বিদায় দূরে থাক দক্ষিণবঙ্গ জুড়ে নতুন করে বাড়তে চলেছে বৃষ্টির দাপট। তেমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
আগামী শুক্রবার পর্যন্ত টানা চলবে বৃষ্টি। প্রতিটি জেলার জন্যই থাকছে হলুদ সতর্কতা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ২ জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি হয়েছে। সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কমলা সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের জন্যও। উত্তর ২৪ পরগনায় আগামী শুক্রবার এবং পশ্চিম মেদিনীপুরে আগামী বৃহস্পতিবারের জন্য কমলা সতর্কতা রয়েছে।
কলকাতা সহ বাকি সব জেলায় আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী নয়, বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট থাকলেও উত্তরবঙ্গে তুলনায় বৃষ্টি কম হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সব জেলার জন্য হলুদ সতর্কতা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ওই সময়।
এদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখছেন আবহবিদেরা। যদিও তা এখনও নিশ্চিত নয়। ফলে পরিস্থিতির দিকে নজর রাখছেন তাঁরা। যদি ঘূর্ণিঝড় জন্ম নেয় তাহলে তার প্রভাব কেমন হবে তা এখনও পরিস্কার নয়।











