State

যাত্রী স্বার্থে রাজ্যের অন্যতম প্রধান রেলস্টেশনে চালু হল জরুরি চিকিৎসা পরিষেবা

ট্রেনে যাত্রার সময় বা স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকার সময় যে কোনও যাত্রীর বড় ধরনের কোনও শারীরিক সমস্যার প্রাথমিক সমাধান হয়ে যাবে বাংলার এই অন্যতম রেলস্টেশনে।

ট্রেনে যাত্রার সময় অনেক সময় যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের আগামী স্টেশনে প্রয়োজনে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। আবার স্টেশনে অপেক্ষার সময় অনেক সময় যাত্রীরা বড় ধরনের কোনও শারীরিক সমস্যায় আক্রান্ত হন। তাঁদের তখনই দরকার পড়ে জরুরি চিকিৎসা পরিষেবা।

হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই যদি সেই পরিষেবা প্রদান করা যায় তাহলে অসুস্থ ব্যক্তির সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এসব কথা মাথায় রেখে পূর্ব রেল এবার কেআইএমএস হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে বর্ধমান স্টেশনে চালু করল এমার্জেন্সি মেডিক্যাল রুম বা জরুরি চিকিৎসা পরিষেবার ঘর।

যেখানে দ্রুত চিকিৎসার প্রয়োজন এমন যাত্রীরা চিকিৎসার সুবিধা পাবেন। স্টেশনের প্রধান প্রবেশ পথের পাশেই এই ঘরটি কাজ শুরু করেছে।

সারাদিনে এমন কোনও সময় যাবেনা যে এই ঘর বন্ধ থাকবে। সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে এই সুবিধা। ফলে বর্ধমান স্টেশনের কাছাকাছি থাকা যে কোনও ধরনের ট্রেনে সফররত যাত্রী বা স্টেশনে অপেক্ষারত কোনও যাত্রীর যদি দ্রুত চিকিৎসার দরকার পড়ে তাহলে বর্ধমান স্টেশনে সে ব্যবস্থা থাকছে।

ফলে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ভারী অসুখেরও প্রয়োজনীয় চিকিৎসা তাঁরা পেয়ে যাবেন। তারপর তাঁদের সেখানে কিছুটা সুস্থ করে প্রয়োজনে হাসপাতালে পৌঁছে দেওয়া যাবে।

এই ব্যবস্থা অবশ্যই যাত্রীদের অনেকটা নিশ্চিন্ত করল। কারণ ট্রেনে সফরকালে অনেকের একটা চিন্তা থাকেই যে শরীর যদি বড় ধরনের কোনও অসুস্থতার শিকার হয় তাহলে দ্রুত চিকিৎসা কীভাবে পাওয়া যাবে। তার উত্তর হয়ে সামনে এল বর্ধমান স্টেশনের এই নতুন সুবিধা।

Show Full Article