State

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে ভাসবে বাংলা

বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ জন্ম নিয়েছে। তার হাত ধরে ফের ভিজতে চলেছে বাংলা। কবে থেকে কেমন বৃষ্টি, পাওয়া গেল পূর্বাভাস।

আবার বৃষ্টির মুখে পড়তে চলেছে বাংলার দক্ষিণভাগ। উত্তর আন্দামান সাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা সম্পন্ন এই ঘূর্ণাবর্তটি একটি নিম্নচাপের জন্ম দিতে চলেছে। যা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে যাবে সোমবার। তারপর সেখানে একটি গভীর নিম্নচাপ তৈরি করবে। মঙ্গলবার তা আরও শক্তিশালী রূপ নেবে। এটি এরপর স্থলভাগের দিকে অগ্রসর হবে।

বাংলার দিকে নয়, গভীর নিম্নচাপটির অভিমুখ হবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল। তবে তার জেরে মঙ্গলবার থেকে বদলে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া। বৃষ্টি অনেকটাই বেড়ে যাবে। অনেক জেলাতেই ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের দিকে না এলেও গভীর নিম্নচাপটির ভাল প্রভাব বাংলার ওপর পড়বে।

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভাল বৃষ্টিপাত হবে। ফলে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে চলেছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি বৃষ্টি হবে। কলকাতা সহ অন্য জেলাগুলিতেও বৃষ্টি হবে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

প্রসঙ্গত এই নিম্নচাপটির জেরে বঙ্গোপসাগর উত্তাল হতে চলেছে। তাই সোমবারের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ডাঙায় ফিরে আসতে বলেছে আবহাওয়া দফতর।

আগামী শুক্রবার পর্যন্ত তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি সমুদ্রে প্রবল ঝড় বইবে। যা পরিস্থিতিকে আরও জটিল আকার দেবে।

Show Full Article