National

জুলাই মাসে কেমন বৃষ্টি হবে, কোথায় কম হবে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

জুলাই মাসে পা দিয়েছে বছর। জুন মাসে বর্ষা হতাশ করার পর জুলাইতে কি ছবি বদলাবে, এ প্রশ্ন এখন সকলের। পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

ভারতে বর্ষা সাধারণভাবে ৪ মাসের ধরা হয়। জুন, জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর নিয়ে বর্ষা। তার প্রথম মাস জুনে দেশজুড়েই হতাশ করেছে বর্ষা। ৪৩ শতাংশ বর্ষা ঘাটতি রেকর্ড হয়েছে।

সেই পরিস্থিতি কি জুলাই মাসেও বজায় থাকবে? নাকি জুলাইতে বর্ষা গতি পাবে? ভাল বর্ষা বীজ বপনের মাসকে কৃষকদের জন্য আনন্দময় করে তুলবে? প্রশ্ন অনেক। এসবের উত্তর দিল আবহাওয়া দফতর। জুলাই মাসে কেমন বৃষ্টি হবে জানিয়ে দিলেন আবহবিদেরা।

জুলাই মাস হল বীজ বপনের মাস। দেশের বিভিন্ন প্রান্তে ভাল বর্ষার দিকে এ সময় চেয়ে থাকেন কৃষকরা। তাই জুলাইতে ভাল বর্ষা কৃষিজ উৎপাদনের জন্যও জরুরি।

কিন্তু আবহাওয়া দফতর তেমন কোনও আশাব্যঞ্জক কিছু শোনাতে পারেনি। বরং জুলাই মাসেও বর্ষা ঘাটতির পূর্বাভাসই দিয়েছে তারা। জুলাই মাসে দেশের সিংহভাগ এলাকাতেই স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ব্যতিক্রম কেবল উত্তরপূর্ব ও উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ।

এছাড়া পূর্ব মধ্য ভারতের কিছু অংশ এবং পূর্ব উপকূলীয় এলাকার একটা অংশে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বাকি ভারতে বৃষ্টি ঘাটতি কিন্তু হবে। যার জন্য দুর্বল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দায়ী। আর মৌসুমি বায়ুর এই দুর্বলতার কারণ এল নিনো-র ক্রমশ দাপট বৃদ্ধি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article