World

থাবা বসাতে চলেছে ঐতিহাসিক এল নিনো, বিশ্বের অন্যতম পরিচিত এলাকায় জারি জরুরি অবস্থা

এল নিনো থাবা বসানোর অপেক্ষায়। যা এখনও পর্যন্ত দেখা সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে চলেছে। বিশ্বের এক অন্যতম পরিচিত রাজ্যে জারি হল জরুরি অবস্থা।

এল নিনো ইতিমধ্যেই সক্রিয়। যার প্রভাব পড়তে চলেছে নানা দেশে। ভারতও তার আঁচ থেকে রেহাই পাবেনা। ইতিমধ্যেই বর্ষা ঘাটতি কপালের ভাঁজ পুরু করেছে ভারতে।

এদিকে প্রশান্ত মহাসাগরীয় জলের এই উত্তাপ বৃদ্ধির ভৌগলিক প্রভাব সরাসরি পড়তে চলেছে আমেরিকার ওপরও। আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে থাকা ক্যালিফোর্নিয়া রাজ্যে এবার জারি হল সেই এল নিনো-র সঙ্গে লড়াই করার জন্য জরুরি অবস্থা।

ক্যালিফোর্নিয়া আগাম তৈরি থাকতে চাইছে এল নিনোর একাধিক প্রভাবের সঙ্গে লড়াই করার জন্য। তার যাবতীয় প্রস্তুতি তাই আগে থেকে নিয়ে রাখছে এই রাজ্যের প্রশাসন।

এল নিনো-র প্রভাবে ক্যালিফোর্নিয়ায় প্রবল তুষারঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে উপকূলীয় এলাকায় ভয়ংকর বন্যা মোকাবিলার জন্যও তৈরি থাকতে হচ্ছে ক্যালিফোর্নিয়াকে।

এছাড়াও একাধিক প্রভাব পড়তে চলেছে। তাই আগেভাগেই এসব মোকাবিলার জন্য প্রস্তুতি সেরে রাখতে এবং সতর্ক থাকতে সে রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

যাঁদের ঝুঁকি বেশি তাঁদের আগে থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকা, কিছু প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে রাখা, রাস্তা তৈরি রাখা, আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় যাবতীয় জিনিস আগে থেকে মজুত রাখা এবং যেখানে যেখানে বন্যা, ধস, উপকূলীয় সমস্যার মত ঝুঁকি রয়েছে সেখানে স্থানীয় প্রশাসনকে তৈরি রাখা, যাতে ক্ষয়ক্ষতি কম করা যায়, এসব মাথায় রেখেই আগে থেকে জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে ক্যালিফোর্নিয়া প্রশাসন। প্রসঙ্গত এল নিনো সবচেয়ে ভয়ংকর রূপ নেবে আগামী নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article