Business

সবচেয়ে চওড়া হল সূর্যমুখীর হাসি, রবিশস্য নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র

রবিশস্য নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স কৃষকদের হাসি চওড়া করল।

দেশের সব জায়গায় সমান বৃষ্টিপাতের অভাব। কোথাও অতিবৃষ্টি তো কোথাও অনাবৃষ্টি রবিশস্যের রোপণে প্রভাব ফেলেছে এবার। চোখ রাঙাচ্ছে এল নিনো। এই অবস্থায় রবিশস্য চাষ নিয়ে দেশজুড়েই কৃষকরা চিন্তায়।

তবে সে চিন্তা অনেকটা দূর করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স। এদিন ছিল বৈঠক। আর সেখানেই রবিশস্যকে কেন্দ্র করে কৃষকদের জন্য বড় সিদ্ধান্তের পথে হেঁটেছে কেন্দ্র। যে সিদ্ধান্তে সবচেয়ে বেশি লাভবান হয়েছে সূর্যমুখী।

রবিশস্য মানে শীতের ফসলের ন্যূনতম সমর্থন মূল্য বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র। যারমধ্যে সূর্যমুখী চাষে মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপি বা ন্যূনতম সমর্থন মূল্য সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। সূর্যমুখীর এমএসপি বাড়িয়ে কুইন্টাল প্রতি ৬৭৫ টাকা করা হয়েছে।

এর পিছনেই রয়েছে রেপসিড ও সরষের এমএসপি। ফলে তৈলবীজের ক্ষেত্রে কেন্দ্রের তরফে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন কৃষকরা। ২০২৭-২৮ সালে রবিশস্যের বিক্রয় মরসুমের ক্ষেত্রে এই ন্যূনতম সমর্থন মূল্য বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হবে।

গত কয়েক বছরে ডাল ও তৈলবীজ ছাড়াও অন্যান্য ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহ দিচ্ছে সরকার। এছাড়া গম চাষিরাও ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধিতে খুশি।

চলতি বছরে আবহাওয়ার প্রতিকূল আচরণ রবি চাষ নিয়ে কৃষকদের যে চিন্তায় ফেলেছিল তা থেকে কিছুটা হলেও স্বস্তির শ্বাস নেওয়ার সুযোগ পেলেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article