State

ছেলের সামনেই মাকে পিষে মারল লরি

ছেলের সামনেই মাকে পিষে দিল লরির চাকা। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কের ওপর। শনিবার দুপুর ১টা নাগাদ ঘটা এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে এসে দাঁড়ায় বাইকটি। বাইক চালাচ্ছিলেন ছেলে। পিছনে বসেছিলেন মা। গাড়ি ছাড়তে বাইকটি এগোতে যেতেই তার লুকিং গ্লাস আটকে যায় লরির পিছনে। হেঁচকা টান পড়ে বাইকে। আর সেই ঝাঁকুনিতেই উল্টে রাস্তায় পড়ে যান পিছনে বসা মহিলা।

আশপাশের লোক হৈহৈ করে ওঠেন। আর ঠিক সেই সময়ই লরির চালক লরিটিকে পিছনের দিকে নিয়ে আসেন। পিছতে থাকা চাকার তলায় পিষে যান মহিলা। ছেলের সামনেই এক নিমেষে শেষ হয়ে যায় মায়ের জীবন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। উলুবেড়িয়া থেকে মাকে নিয়ে সাঁকরাইলের বাড়িতে ফিরছিলেন ছেলে ইন্দ্রজিৎ পাল। কিন্তু মাকে নিয়ে সেই বাড়ি ফেরা আর হলনা।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *