সেনাবাহিনীর চেষ্টায় দ্রুত জুড়ল শিলিগুড়ি ও মিরিক, ব্রিজ ভাসানো খরস্রোতা আর অন্তরায় নয়
সেনাবাহিনী আপৎকালীন দ্রুততায় জুড়ে দিল শিলিগুড়ি ও মিরিককে। উত্তরবঙ্গে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক যোগাযোগ। ব্রিজ ভাসানো নদী আর বাধা নয়।
শিলিগুড়ি ও মিরিককে জুড়ে রাখা ব্রিজ ভেসে গিয়েছিল প্রবল জলস্রোতে। বালাসন নদী অতিবৃষ্টির জেরে এক ভয়াল রূপ ধারণ করে ভাসিয়ে নিয়ে যায় নদীর ওপর তৈরি ব্রিজটিকে। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে শিলিগুড়ি ও মিরিক।
মাঝে খরস্রোতা নদী পার করার উপায় নেই। অগত্যা প্রশাসনের তরফে সেনার সাহায্য নেওয়া হয়। সেনাবাহিনী দ্রুত শিলিগুড়ি ও মিরিকের মানুষের নদী পারাপারের ব্যবস্থা করতে উঠেপড়ে লাগে।
অতি দ্রুত সেনাবাহিনী দুধিয়ায় ওই উত্তাল নদীর ওপর তৈরি করে ফেলে ৩৪ মিটারের একটি ফুটব্রিজ। কোনও স্থায়ী সমাধান নয়। কিন্তু এখন পায়ে হেঁটে শিলিগুড়ি ও মিরিকের যোগাযোগ তৈরি সম্ভব হয়েছে।
যেখান দিয়ে হেঁটে অন্তত পারাপার সম্ভব হচ্ছে। যা সেখানকার স্থানীয় মানুষ থেকে পর্যটক সকলকেই স্বস্তি দিয়েছে। এই অতি গুরুত্বপূর্ণ রুট যে জুড়ে দেওয়া সম্ভব হয়েছে এতেই খুশি সকলে। এই পায়ে হাঁটা ব্রিজটি কিছুটা হলেও বর্ডার ক্রসিং পয়েন্টকে সুগম করতে পেরেছে।
যাতে দ্রুত গাড়িও বালাসন নদী পার করে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যাতায়াত শুরু করতে পারে তার ব্যবস্থাও পাকা করতে চলেছে সেনাবাহিনী। এই হেঁটে পারাপার করার ব্রিজটির পাশেই একটি বেইলি ব্রিজ তৈরি করতে চলেছে তারা। যার ওপর দিয়ে গাড়িও যাতায়াত করতে পারবে। এতে আরও সুবিধা হবে পর্যটক থেকে সাধারণ মানুষের।











