State

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, ফের ঝেঁপে বৃষ্টি, কোথায় কেমন বৃষ্টি জানাল আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে নতুন করে জন্ম নিল একটি নিম্নচাপ। যার জেরে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথায় কেমন বৃষ্টি হবে তারও পূর্বাভাস দিয়েছে।

গত সোমবার একটি নিম্নচাপ কলকাতা ভাসিয়ে ছেড়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস ভেসে গেছে প্রবল বৃষ্টিতে। সেই নিম্নচাপটি পরে দুর্বল হয়ে ঝাড়খণ্ডে চলে যায়। ফলে বাকি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও মোটের ওপর জনজীবন ব্যাহত করা বৃষ্টি হয়নি।

কিন্তু রবিবার সকালে ফের একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। যা একটি ঘূর্ণাবর্তের হাত ধরে তৈরি হয়েছে। এদিকে নিম্নচাপের পাশাপাশি পঞ্জাব থেকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, দিঘা হয়ে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে বঙ্গোপসাগর পর্যন্ত। যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। তার সঙ্গে নিম্নচাপের যোগদান প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার।

অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, ২ বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা প্রবল। সোমবার বৃষ্টি বিঘ্নিত কাটলেও কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে মঙ্গলবার থেকে তেমন বৃষ্টির সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতেই পারে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। কোচবিহারে সোমবারই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কালিম্পংয়ে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ওড়িশায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর ওড়িশায় ভাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

Show Full Article