State

বিদায় নিয়েছে নিম্নচাপ, তারপরেও বাংলায় বৃষ্টি নিয়ে অন্য পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

নিম্নচাপ বিদায় নিয়েছে। চলে গেছে ঝাড়খণ্ড ও বিহারের দিকে। তাহলে কি পরিস্কার আকাশ অপেক্ষা করছে। আবহাওয়া দফতর কিন্তু অন্য পূর্বাভাস দিচ্ছে।

নিম্নচাপের জেরে গত কয়েকদিনে যে বৃষ্টি বাংলা দেখেছে তা নেহাত কম নয়। গত রবিবার বিকেল থেকে সোমবার রাত পর্যন্ত বৃষ্টির দাপট রীতিমত নাজেহাল করে ছেড়েছে কলকাতার মানুষ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষকে।

সেই নিম্নচাপ দুর্বল হয়ে সরে গেছে ঝাড়খণ্ড ও বিহারের দিকে। ফলে তার প্রভাব আর নেই। তাহলে কি এবার রোদ পেতে চলেছে দক্ষিণবঙ্গের মানুষ? আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস কিন্তু সেকথা বলছেনা। বরং পূর্বাভাস বলছে বৃষ্টির হাত থেকে রেহাই নেই।

নিম্নচাপ বিদায় নিলেও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়। ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে মৌসুমি বায়ুর প্রভাব রীতিমত বেশি থাকবে। দক্ষিণবঙ্গ জুড়েই আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে।

বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। অতিবৃষ্টি না হলেও বৃষ্টি চলবে। আর তা মাঝে মধ্যেই ভেজাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে।

উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস একটু আলাদা। সেখানে বৃষ্টির দাপট তুলনায় আরও বেশি থাকবে। ভারী বৃষ্টি হতে পারে হিমালয় লাগোয়া ৫ জেলায়। অগাস্ট মাসে এখনও যা বৃষ্টি হয়েছে তাতে এ রাজ্যে বৃষ্টি ঘাটতি তেমন হবে বলে মনে করছেননা আবহবিদেরা।

বরং ভাল বৃষ্টিই পাবে পশ্চিমবঙ্গ। যদিও এল নিনো-র প্রভাব বাড়ছে। ফলে সেপ্টেম্বরে এমন বৃষ্টিই বজায় থাকে কিনা তা নিয়ে এখনই কিছু পূর্বাভাস দিতে পারছেন না আবহবিদেরা।

Show Full Article
nilkantho.in App