Lifestyle

সিঙ্গারার নতুন আবিষ্কার আয়ুর্বেদিক সিঙ্গারা, কি আছে এই সিঙ্গারায়

সিঙ্গারা নামে খাবারটির সঙ্গে বাঙালির সম্পর্ক বহুদিনের। বাঙালির জলখাবারে সিঙ্গারা আজও একটা বড় জায়গা দখল করে আছে। সেই সিঙ্গারায় এবার ভোলবদল।

সিঙ্গারা যখন আয়ুর্বেদিক সিঙ্গারা হয়ে যায় তখন বিষয়টি নজর কাড়বেই। আর সেটাই হল। সিঙ্গারা বাঙালির তো বটেই ভারতের নানা প্রান্তেরই অত্যন্ত প্রিয় একটি খাবার। জলখাবারে নানা নতুন খাবারের আমদানি হলেও সিঙ্গারা তার নিজের জায়গা ধরে রেখে দিয়েছে।

সেই আদি অনন্ত চেনা সিঙ্গারায় এবার নতুন ট্যুইস্ট। সিঙ্গারা, কিন্তু তা আয়ুর্বেদিক। নেচারোপ্যাথি বা নেচারোথেরাপির যুগে আয়ুর্বেদিক চিকিৎসা মানুষের মধ্যে ক্রমে আরও জনপ্রিয় হচ্ছে। মানুষের সেই আয়ুর্বেদিকের প্রতি আকর্ষণ যে সিঙ্গারার সঙ্গে জুড়ে যেতে পারে তা ভাবনার অতীত ছিল।

তবে এই অভিনব ভাবনা ভেবেছে দিল্লির একটি দোকান। দিল্লির লক্ষ্মী নগর এলাকার এই দোকানটি আয়ুর্বেদিক সামোসা নামে একধরনের সিঙ্গারা আবিষ্কার করেছে। যা শুনেই বহু মানুষ তা কেমন খেতে সেটা জানার জন্য এক প্লেট কিনেই ফেলছেন।

আয়ুর্বেদিক সিঙ্গারায় আয়ুর্বেদের ছোঁয়া আছেও। সিঙ্গারার মোড়কটি বানানোর জন্য যে ময়দা মাখা হয় তাতে মেশানো হচ্ছে জোয়ান, কারি পাতা, মেথি পাতা এবং লবঙ্গ। আর যে পুর তৈরি হয় তাতে যুক্ত হচ্ছে জটামাংসীর গুঁড়ো এবং ভাস্কর লবণ।

এরপর পুর ভরে সিঙ্গারার আকার দিয়ে ময়দার মোড়ক ছেড়ে দেওয়া হচ্ছে তেলে। যেমন সিঙ্গারা ভাজা হয়। শেষে সেই সিঙ্গারা পরিবেশন করা হচ্ছে টমেটো আর রসুনের একটি চাটনি সহযোগে।

এটি কতটা স্বাস্থ্যকর তা বিশেষজ্ঞদের বিবেচ্য। তবে আয়ুর্বেদিক শব্দটি সিঙ্গারার সঙ্গে মিশে নতুন কৌতূহল তৈরি করেছে। তার টানে বহু মানুষ হাজির হচ্ছেন এই দোকানে। বিভিন্ন সমাজ মাধ্যমে এই দোকানটি এবং তার আয়ুর্বেদিক সিঙ্গারার কথা ছড়িয়ে পড়েছে।

Show Full Article