সাড়ে ৫০০ বছর পুরনো ঐতিহাসিক নিদর্শন হারিয়ে গেল সমুদ্রের জলে
সাড়ে ৫০০ বছর ধরে তা নজর কেড়েছে। বহু পর্যটক এটা দেখার আশায় ছুটে এসেছেন। সেই প্রকৃতির তৈরি স্থাপত্য হারিয়ে গেল সমুদ্রের জলে।
অনেকটা ধনুকের মত দেখতে। যা মূল স্থলভাগ থেকে বেঁকে জলে নেমে গিয়েছিল। বিশাল এক পাথুরে স্থাপত্য। যা কোনও মানুষ নয়, প্রকৃতিই তৈরি করেছিল। গলিত লাভার স্রোত এই ধনুকের মত আর্চটির জন্ম দিয়েছিল।
লাভা জমে তৈরি এই আর্চ ৫৫০ বছর আগে তৈরি হয়েছিল বলে অনুমান করা হয়। যা এতটাই বিরল দর্শন এবং নজরকাড়া ছিল যে তা দেখতে বহু পর্যটক ভিড় জমাতেন হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডে।
হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের দক্ষিণ উপকূলে রয়েছে ভলক্যানোস ন্যাশনাল পার্ক। এই পার্কে একটা জায়গায় সমুদ্রের ধারে বালি নয়, রয়েছে আগ্নেয়শিলা থেকে তৈরি একটি খাড়াই ধার। খাদের মত যা নেমে গেছে সমুদ্রে।
সেই খাড়াই ধার থেকে একটা লম্বা অংশ বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে তারপর নেমে গেছিল সমুদ্রের জলে। যেন কেউ এটা তৈরি করে দিয়েছে। কিন্তু কেউ নয়, এ ছিল প্রকৃতির দান।
সেই তোরণের মত আর্চটি ৫৫০ বছর ধরে সেখানে অগুন্তি মানুষের কৌতূহল নিবারণ করেছে। পর্যটকেরা এটি দেখতে হাজির হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
সেই ঐতিহাসিক এবং অপরূপ প্রাকৃতিক শিল্পকীর্তি গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে হারিয়ে গেল। হারিয়ে গেল সমুদ্রের জলে। এই ৩ দিনের মধ্যে কবে এবং কখন সেটি প্রশান্ত মহাসাগরের জলে বিলীন হয়ে গেছে তা জানা যায়নি। তবে এটি যে আর নেই তা পরিস্কার। আর তা গিলে খেয়েছে সমুদ্রই। বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে খবরটি নজর কেড়েছে।











