গাড়ির সিটেই টয়লেট, বাজারে আসার অপেক্ষায় নতুন সুবিধার গাড়ি
গাড়িতে যেতে যেতে টয়লেটের প্রয়োজন পড়তেই পারে। টয়লেটের জন্য শৌচাগার রয়েছে এমন জায়গার অপেক্ষা করতে হয়। আগামী দিনে সেই সমস্যা মিটতে চলেছে।
গাড়িতে যাত্রার সময় টয়লেট নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। বিশেষত যদি সে যাত্রা দীর্ঘ সময়ের জন্য হয়। হাইওয়েতে সর্বত্র টয়লেটের সুবিধা নেই। কোনও ফুড কোর্ট বা ধাবা বা কোনও পথের ধারের রেস্তোরাঁতে টয়লেট পাওয়া যায়। কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করতে হয় গাড়িতেই।
প্রকৃতির ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেওয়ার উপায় থাকেনা। সেই সমস্যার কথা মাথায় রেখেই এবার একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা তাদের গাড়িতেই টয়লেটের ব্যবস্থা করেছে। গাড়িতে বসার সিটের তলায় থাকবে টয়লেট। যা ভয়েস কন্ট্রোলড।
মুখে বললে সিটের তলা থেকে টয়লেট বেরিয়ে আসবে। সে প্রস্রাব হোক বা মলত্যাগ, যাই কেউ করুন না কেন, জলীয় অংশ শুকিয়ে দেওয়ার জন্য ওই টয়লেটেই উত্তাপ তৈরি হবে একাংশে। সেই উত্তাপে জলীয় ভাগ শুকিয়ে যাবে।
মলের ক্ষেত্রেও তার জলীয় অংশ শুকিয়ে যাবে। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গাড়িতে যে দুর্গন্ধ ছড়াবে তার থেকে দ্রুত মুক্তি দিতে থাকবে গাড়ির মধ্যে ছড়িয়ে থাকা বাতাস বের করে দেওয়ার ব্যবস্থাও।
চিনের এই গাড়ি সংস্থা পেটেন্টের জন্য আবেদন করেছিল। যা মঞ্জুর হয়েছে। ফলে মনে করা হচ্ছে এমন গাড়ি সে দেশে রাস্তায় নামার অপেক্ষায়।
আর এই প্রযুক্তি যদি একবার চালু হয় তাহলে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে সময় নেবে না। গাড়িতে টয়লেট থাকলে অনেক মানুষই তা কিনতে আগ্রহী হতে পারেন।












