National

প্রাগৈতিহাসিক যুগের মানুষের বাস ছিল দেশের এই অংশে, পাথরের খাঁজে মিলল বিশেষ চিহ্ন

প্রাগৈতিহাসিক যুগে ভারতের একাংশে মানুষের বসবাসের কথা জানতে পারলেন বিশেষজ্ঞেরা। পাথরের খাঁজে পাওয়া বিশেষ চিহ্ন এক অনন্য প্রাপ্তি হয়ে রইল।

দেশের নানা প্রান্তে কত যে আশ্চর্য আজও অজানা হয়ে রয়ে গেছে তা অনুমান করা অসম্ভব। তেমনই এক প্রাগৈতিহাসিক যুগের কথা জানতে পারলেন এক ঐতিহাসিক।

তিনি সাফারি করতেই একটি জাতীয় উদ্যানে হাজির হয়েছিলেন। সত্যনারায়ণ দিয়াভানাপল্লী নামে ওই ঐতিহাসিক সেখানে ঘোরার সময় পাথরে এক বিশেষ ধরনের খাঁজ দেখতে পান।

সেই খাঁজগুলির দৈর্ঘ্য এবং তা কতটা গভীর তা পরীক্ষা করার পর তিনি বুঝতে পারেন এই খাঁজ তৈরি হয়েছে দিনের পর দিন এখানে কোনও কিছু গুঁড়ো করার চেষ্টা অথবা কোনও পাথরে ধার করার জন্য ঘর্ষণের ফলে। পাথরের গায়ে এমন একাধিক বিশেষ চিহ্ন তাঁর নজর কাড়ে।

পাথরের মাঝে এমন খাঁজ পরীক্ষা করে এটাও জানা যায় যে এ কাজ প্রাগৈতিহাসিক যুগের। পাথরের গায়ে এই খাঁজ পাওয়া গেছে তেলেঙ্গানার চিলকুরের মৃগবনী জাতীয় উদ্যানে।

ওই ঐতিহাসিক বিষয়টি প্রশাসনিক কর্তাদের নজরেও আনেন। ওই অঞ্চলে যে প্রাগৈতিহাসিক যুগে মানুষের বসবাস ছিল তা এই চিহ্ন থেকে অনেকটাই নিশ্চিত বিশেষজ্ঞেরা।

এই খাঁজ বলে দিচ্ছে এখানে মানুষের বাস ছিল। অনেকে মিলে এখানে একসঙ্গে থাকত। যা থেকে মনে করা হচ্ছে হায়দরাবাদের আশপাশের জঙ্গল এলাকায় সে সময়ও মানুষে বাস ছিল।

পাথরের গায়ে এই চিহ্নগুলি পাওয়ার পর এখানে পুরো এলাকা আরও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন ঐতিহাসিক সত্যনারায়ণ দিয়াভানাপল্লী। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরটি ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে।

Show Full Article