পৃথিবীর বুকে বিশাল এলাকা জুড়ে মাকড়সা, দেখা পেল নাসার উপগ্রহ
অন্য গ্রহ নয়। খোদ পৃথিবীর বুকেই এক মাকড়সার খোঁজ পেল নাসার কৃত্রিম উপগ্রহ। মাটির বুকে সে মাকড়সা এল কোথা থেকে তাও জানতে পেরেছেন বিজ্ঞানীরা।
নাসাকে সকলে চেনেন ভিনগ্রহ বা নক্ষত্রের খবরাখবর নেওয়ার জন্য। তা বিশ্ববাসীকে জানানোর জন্য। তবে এবার নাসার কৃত্রিম উপগ্রহ পৃথিবীর বুকেই এক এমন খোঁজ পেল যা বিশ্ববাসীকে অবাক করেছে।
অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে ৪ কিলোমিটার জুড়ে রয়েছে এই মাকড়সা। প্রাণ থাকা মাকড়সা নয়। একটি মাকড়সার মত জমি। যা উপর থেকে দেখলে হুবহু মাকড়সার মত দেখতে লাগে।
যে স্থানে এটি রয়েছে সেটি ১৩ কিলোমিটার লম্বা এবং ১১ কিলোমিটার চওড়া। এই পুরোটা জুড়েই তৈরি হয়েছে স্পাইডার ক্রেটার। তবে মাকড়সার চেহারাটা জমির ওপর স্পষ্ট হয়েছে ৪ কিলোমিটার জুড়ে।
কোটি কোটি বছর আগে কোনও একসময় একটি উল্কাপিণ্ড আছড়ে পড়েছিল এখানে। তারপরই এই গর্ত তৈরি হয়। সময়ের সঙ্গে ভূমিক্ষয়ের মধ্যে দিয়ে এই পাথুরে জমি একটি মাকড়সার রূপ নেয়।
এটি ডিম্বাকৃতি। মহাকাশ থেকে যা দেখতে পেল নাসার উপগ্রহ। উল্কাটি আছড়ে পড়ার পর ওই জমির পরিবর্তন ঘটে। সেখানে মাকড়সার দাঁড়ার মত তৈরি হয়। কারণ সেখানে মাটি উপরে উঠে আসে। যা তৈরি হয় বেলেপাথর দিয়ে।
মাটির এই উঁচু হয়ে যাওয়া এবং তারপর নিচু অংশ থাকা, যা একটি মাকড়সার রূপ ধারণ করেছে। এখানে পাথর পরীক্ষা করার পরই বিজ্ঞানীরা নিশ্চিত হন যে জমির এই মাকড়সা রূপ তৈরি হয়েছে উল্কাপাতের জেরে।











