এ গাছের ২টি পাতা সারাজীবন থেকে যায়, হাজার বছরের বেশি বাঁচে তারা
এ গাছ হাজার বছরেরও বেশি সময় বেঁচে থাকে। আর ওই পুরো সময় গাছটির ২টি পাতা তার সঙ্গে ছাড়ে না। সময়ের সঙ্গে তা লম্বা হতেই থাকে।
গাছ তো কত রকমই রয়েছে। কিছু গাছের আশ্চর্য বৈশিষ্ট্যও নজরে পড়ে। তেমনই একটি গাছের ২টি পাতা মানুষকে অবাক করতেই থেকেছে। এ গাছ মরুভূমিতে জন্মায়। তবে সব মরুভূমিতে নয়। একটি বিশেষ মরুভূমিতেই মূলত তাদের দেখা মেলে।
ওই প্রবল প্রতিকূল উত্তপ্ত মরু আবহাওয়াতেও এ গাছ বেঁচে থাকতে পারে। তাও আবার ১ বছর ২ বছর নয়, ১ হাজার বছরেরও বেশি সময় এ গাছের আয়ু।
এই যে হাজারের ওপর বছর ধরে তা বেঁচে থাকে সেই পুরো সময়ে তার সঙ্গে ২টি পাতা থেকে যায়। যা ওই বিশাল সময়ে শুকিয়েও যায়না। ঝরেও পড়েনা। বরং বাড়তেই থাকে। গাছটি তার ওই জোড়া পাতার জন্য বিশ্ববিখ্যাত।
নাম ওয়েলউইটচিয়া মিরাবিলিস। এরা জন্মায় নামিবিয়া এবং অ্যাঙ্গোলা জুড়ে ছড়িয়ে থাকা নামিব মরুভূমিতে। এই গাছটির ২টি পাতা তার জন্মের পর কাণ্ডের কাছ থেকে বাড়তে থাকে। তারপর তা বাড়তেই থাকে। একটা সময় তার মাথার কাছটা সরু ফিতের মত হয়ে যায়। কিন্তু তা বাড়তেই থাকে।
হাজার বছর বাঁচা মানে ওই ২টি পাতাও হাজার বছরই বাড়ে। অনেক সময় এই গাছের কাছে পৌঁছলে দেখা যায় অনেকগুলি পাতার মতই রয়েছে। সেগুলি কিন্তু আলাদা কোনও পাতা নয়। ওই ২টি পাতাই।
সময়ের সঙ্গে মরুভূমির প্রতিকূল আবহাওয়া, ঝোড়ো হাওয়া, বালির ঝড় পাতাগুলিকে ছিঁড়ে দেয়। ফলে মনে হয় অনেকগুলি পাতা যেন রয়েছে। আদপে ওই ২টি পাতাই ছিঁড়ে গিয়ে অমন রূপ নেয়।











