দুবাইয়ের বাজারে দাপটে শাসন করছে ভারতের সিঁদুরি
দুবাইয়ের বাজারে এখন ভারতের সিঁদুরি দাপটে রাজত্ব করতে শুরু করেছে। এটা ভারতের জন্য ভাল খবর। অন্য ক্ষেত্রে বাদ যায়নি কানাডাও।
দুবাই শহরটা সম্বন্ধে প্রায় সব ভারতীয় নাগরিকের একটা ঔৎসুক্য রয়েছে। মরুদেশের এই সাজানো শহরকে আবার একবার ভারতীয়দের কাছে পৌঁছে দিল ভারতের সিঁদুরি। যা হিমাচল প্রদেশের কুলু থেকে পৌঁছে গেল দুবাইতে। ছড়িয়ে পড়ল দুবাইয়ের বাজারে।
বিদেশের বাজারে তা দাপটে এখন শাসন করছে। ১.৩ মেট্রিক টন সিঁদুরি পৌঁছে গেছে দুবাইতে। সেখানকার বাজারে এখন ভারতের এই বিখ্যাত বেদানা ছড়িয়ে পড়েছে। যার চাহিদাও নজরকাড়া।
সিঁদুরির দুবাইয়ের বাজারে ছড়িয়ে পড়ার সাফল্যের বিষয়টি আলাদা করে উল্লেখ করেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন কুলু থেকে দুবাইয়ের বাজারে ছেয়ে যাওয়া সিঁদুরি যেমন ভারতের বৈদেশিক বাণিজ্যের দিকটি আরও পোক্ত করছে, তেমনই কুলুর স্থানীয় কৃষকদের রোজগার অনেকটাই বৃদ্ধি করছে।
ভারতের নানা প্রান্তের এমন কৃষিজ উপাদান দেশের বাইরের বাজারে পৌঁছে দিতে সাহায্য করে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। তাদের হাত ধরেই কুলুর বিখ্যাত সিঁদুরি বেদানার দুবাই যাত্রা।
প্রসঙ্গত চলতি মাসের শুরুর দিকে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির হাত ধরেই হরিয়ানার সোনিপথ থেকে কানাডার বাজারে পৌঁছে গিয়েছিল ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্য সামগ্রি। যার মধ্যে ছিল কড়াইশুঁটি, নানা ধরনের আনাজ, গাজর, সুইট কর্ন-এর মত নানা কিছু।
দেশের সামনে যত এমন বৈদেশিক বাণিজ্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে ততই এর সঙ্গে যুক্ত কৃষক থেকে অন্য মানুষজন, সকলেই উপকৃত হবেন। এমনই মনে করছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











