মঙ্গলের চাঁদে পৌঁছবে মহাকাশযান, নিয়ে আসবে পাথর, কোন দেশ কবে পাঠাচ্ছে এই যান
মঙ্গলের মাটিতে ঘুরে বেড়াচ্ছে একাধিক রোবট যান। এবার সেই মঙ্গলের চাঁদে যান পাঠাতে চলেছে একটি দেশ। যাত্রা শুরুতে আর কিছু সময়ের অপেক্ষা।
মঙ্গলের মাটিতে রোবট যানের ঘোরাফেরা। সেখানে নানা নতুন তথ্য সরবরাহ। সবই হয়ে চলেছে। কিন্তু মঙ্গলের যে ২টি চাঁদ ফোবোস এবং ডিমোস রয়েছে তারা এখনও রহস্যে ঘেরাই রয়ে গেছে।
এবার মঙ্গলগ্রহে নয়, মঙ্গলগ্রহের চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে চলেছে একটি দেশ। যে যান মঙ্গলের বড় চাঁদ ফোবোসে পৌঁছে সেখান থেকে মাটির নমুনা সংগ্রহ করবে।
তারপর তা নিয়ে পৃথিবীতে ফিরবে। এই মাটির টুকরো হাতে পেলে মঙ্গলগ্রহ এবং তার চাঁদদের জন্ম নেওয়ার ইতিহাস জানতে সুবিধা হবে বিজ্ঞানীদের।
ভারতের মত এখন পৃথিবীর হাতেগোনা কয়েকটি মহাকাশ গবেষণায় শক্তিধর দেশের মধ্যে পড়ে জাপান। সেই জাপান এবার ফোবোসে মহাকাশযান পাঠাচ্ছে। যে যানটি সেখানে পৌঁছে ১০ গ্রামের মত মাটি সংগ্রহ করবে। তারপর ফিরে আসবে পৃথিবীতে।
আগামী মঙ্গলবার যানটি উড়ে যাওয়ার কথা। সব ঠিক থাকলে ২০৩১ সালের মধ্যে সেটি পৃথিবীতে ফিরবে। তখনই বিজ্ঞানীরা মঙ্গলের চাঁদ ফোবোসের মাটি হাতে পাবেন।
মার্সিয়ান মুন এক্সপ্লোরেশন নামে এই মিশনে যানটি ফোবোসের কাছে পৌঁছবে। তারপর তার থেকে একটি রোবট যান নামবে ফোবোসের বুকে। সেটি ফোবোসের ২টি স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করবে। তারপর ফিরে আসা।
তবে ফিরে আসার আগে ফোবোসের মাটি সংগ্রহের সঙ্গে সঙ্গে জাপানের এই মহাকাশযানটি ফোবোস এবং ডিমোস, লাল গ্রহের এই ২ চাঁদ সম্বন্ধে তথ্যই সংগ্রহ করে আনবে। যানটিকে পৃথিবী থেকে মহাকাশে পৌঁছে দেবে জাপানের এইচ৩ রকেট।











