SciTech

নরকের মুরগি নামে ডাইনোসরের দাঁত ছিলনা, তাহলে কি খেত তারা, ধারনা দিলেন বিজ্ঞানীরা

বড় বড় দাঁতের ডাইনোসর একেবারেই নয়। এ ডাইনোসর তার চেয়ে একদম আলাদা। এদের দাঁত ছিলনা। তাহলে কি খেত তারা, সেটারও একটা ধারনা পেলেন বিজ্ঞানীরা।

ডাইনোসর মানেই কি ধারাল দাঁত আর ভয়ংকর শিকারি? প্রায় ৬ কোটি ৬০ লক্ষ বছর আগের এক প্রাণি কিন্তু সেই পরিচিত ধারনাকেই প্রশ্নের মুখে ফেলেছে। তার মুখে একটিও দাঁত ছিলনা। অথচ চোয়াল দিয়ে সে খাবার চিবোতে পারত বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

উত্তর আমেরিকার হেল ক্রিক ফর্মেশন থেকে পাওয়া জীবাশ্ম পরীক্ষা করে গবেষকেরা সনাক্ত করেছেন নতুন এক ডাইনোসর প্রজাতি। নাম ইনফার্নোগ্যালাস জেমেসি। নামের অর্থ অনেকটা ‘নরকের মুরগি’। প্রায় ১২ কেজি ওজনের এই পাখির মতো ডাইনোসরটির আকার ছিল মোটামুটি একটি টার্কি পাখির সমান।

সবচেয়ে বিস্ময়কর তথ্য মিলেছে তার মাথার খুলি থেকে। সিটি স্ক্যানের সাহায্যে খুলির হাড় এবং চোয়ালের গঠন বিশ্লেষণ করে গবেষকেরা বুঝতে পেরেছেন যে প্রাণিটির নিচের চোয়াল শুধু ওপর নিচে নয়, সামনে পিছনেও নড়তে পারত। মুখের ভিতরে থাকা খাঁজ ও উঁচু অংশ একে অপরের সঙ্গে মিলে নরম খাবার পিষে ফেলার কাজে সাহায্য করত।

আধুনিক কয়েক ধরনের ফল খাওয়া টিয়াপাখির চোয়ালের সঙ্গে এই ব্যবস্থার আশ্চর্য মিল রয়েছে। তাই বিজ্ঞানীদের ধারনা এই ডাইনোসররা নরম রসাল ফল খাওয়ার উপযোগী হয়ে উঠেছিল। তবে তাদের পাকস্থলীতে ফলের কোনও জীবাশ্ম পাওয়া যায়নি। ফলে ফল খাওয়ার বিষয়টি এখনও শারীরিক গঠনের ভিত্তিতে করা বৈজ্ঞানিক অনুমান।

গবেষণাটি প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশনস পত্রিকায়। সেই সময় ফুলগাছের বৈচিত্র্য বাড়ছিল। ফলে নতুন ধরনের খাদ্যের সুযোগও তৈরি হচ্ছিল নানা প্রাণির সামনে। এই আবিষ্কার শুধু একটি অদ্ভুত ডাইনোসরের পরিচয় দেয়নি, ফুলগাছ ও ফলের বিস্তারের সঙ্গে প্রাচীন ডাইনোসরদের খাদ্যাভ্যাস কীভাবে বদলেছিল সেই বিবর্তনের প্রশ্নও নতুন করে সামনে এনেছে।

Show Full Article