মহাকাশের ছবি দেখতে গিয়ে এমন কিছু মিলল যা ভাবতেই পারেননি বিজ্ঞানীরা
দূর মহাকাশের ছবি খুঁটিয়ে দেখতে গিয়ে হঠাৎই নজরে এল অদ্ভুত কিছু। এমন আবিষ্কারে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে।
মহাকাশের গভীরে দূরবর্তী ছায়াপথের ছবি তোলার কাজ করছিল একটি শক্তিশালী টেলিস্কোপ। সেই ছবি পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীদের নজরে এল এক অচেনা চলমান বস্তু। প্রথমে ছবিতে শুধু আলোর সরু দাগ। পরে বোঝা গেল সেটি আসলে এতদিন অজানা এক ধূমকেতু।
ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার ইউক্লিড স্পেস টেলিস্কোপ এই ধূমকেতুটির ছবি তুলেছিল গত ১৬ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে। এর নাম দেওয়া হয়েছে সি/২০২৬ এস১ (ইউক্লিড)। এই ইউক্লিড টেলিস্কোপটি তৈরি হয়েছিল কোটি কোটি আলোকবর্ষ দূরের ছায়াপথ পর্যবেক্ষণ করে মহাবিশ্বের অদৃশ্য পদার্থ ও অদৃশ্য শক্তি সম্পর্কে জানার জন্য। ধূমকেতু খোঁজা তার প্রধান কাজই নয়।
ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক বিশেষ সফটওয়্যারের সাহায্যে ছবিগুলিতে চলমান বস্তুর চিহ্ন খুঁজছিলেন। একাধিক ছবিতে একই আলোর দাগ দেখে তাঁর সন্দেহ হয়। আরও খুঁটিয়ে দেখা যায় বস্তুটির চারপাশে রয়েছে গ্যাস ও ধুলোর আবছা মেঘ। যা ধূমকেতুর পরিচিত বৈশিষ্ট্য।
পরিচিত ধূমকেতু ও গ্রহাণুর তালিকার সঙ্গে মিল না পাওয়ায় বিষয়টি জানানো হয় মাইনর প্ল্যানেট সেন্টারকে। পৃথিবী থেকে করা পরবর্তী পর্যবেক্ষণের ভিত্তিতে ৮ অক্টোবর নতুন ধূমকেতুটির পরিচয় নিশ্চিত হয়।
পৃথিবী থেকে এই ধূমকেতুর দূরত্ব প্রায় ১৩০ কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কয়েক হাজার বছর লাগতে পারে। তবে এই হিসাব আরও পর্যবেক্ষণের পর নির্ভুল হবে।
বিজ্ঞানীদের কাছে আবিষ্কারটির গুরুত্ব অন্য জায়গায়। যে টেলিস্কোপের চোখ মূলত বহু দূরের মহাবিশ্বে, সেটিও যে সৌরজগতের অচেনা অতিথির সন্ধান দিতে পারে, ইউক্লিড এবার সেটাই দেখিয়ে দিল।











